SIR নিয়ে আইনি লড়াইয়ে মমতা: নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা

SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে কমিশনের সঙ্গে বৈঠকের আগেই জোরালো আইনি পদক্ষেপ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলায় SIR (Special Intensive Revision) প্রক্রিয়া ঘিরে সংঘাত এবার সরাসরি শীর্ষ আদালতে। জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করলেন বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। SIR-এর জেরে শতাধিক মানুষের মৃত্যুর অভিযোগ তুলে প্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়ে আগেই একাধিক চিঠি দিয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতাতেই এবার কমিশন ও সিইও দফতরের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করলেন মুখ্যমন্ত্রী।

সোমবার নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর সঙ্গে বৈঠক করার কথা মমতার। তার আগেই সুপ্রিম কোর্টে মামলার খবরে রাজনৈতিক মহলে শোরগোল। তৃণমূলের বক্তব্য, কমিশন SIR সংক্রান্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মানবিকতার মানদণ্ড মানছে না।

মুখ্যমন্ত্রী আগেও SIR নিয়ে কমিশনকে একের পর এক চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তিনি শুনানিতে বিশিষ্টজনদের ডাকার দাবি তোলেন এবং SIR-এর জেরে মৃত্যুর অভিযোগ তুলে অবিলম্বে প্রক্রিয়া স্থগিতের আহ্বান জানান। তৃণমূলের অভিযোগ, শীর্ষ আদালতের আগের নির্দেশ সত্ত্বেও কমিশন তা যথাযথভাবে পালন করছে না।

উল্লেখ্য, এর আগে SIR ইস্যুতে কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তৃণমূল সাংসদ দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েন। সেই মামলার শুনানিতে তৃণমূলের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট কমিশনকে একাধিক নির্দেশ দিয়েছিল। বর্তমান মামলায় সেই নির্দেশ অমান্যের অভিযোগও তুলে ধরা হয়েছে বলে দলীয় সূত্রের দাবি।

আইনগত দিক থেকেও এই মামলা তাৎপর্যপূর্ণ। নিয়ম অনুযায়ী, শীর্ষ আদালতে নথিভুক্ত আইনজীবী অথবা স্বয়ং মামলাকারী সওয়াল করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, প্রয়োজনে তিনি নিজেই সুপ্রিম কোর্টে সওয়াল করবেন। জানা যাচ্ছে, তিনি ২৮ জানুয়ারি আবেদনটি দায়ের করেছেন, যদিও এখনও শুনানির দিন নির্ধারিত হয়নি। তবে বুধবার দোলা ও ডেরেকের মামলার শুনানি রয়েছে।

এই আবহেই দিল্লিতে কমিশনের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে কৌতূহল তুঙ্গে। কমিশনের বিরুদ্ধে মামলা দায়েরের পর সেই বৈঠকে আলোচনার অভিমুখ কী হয়—তা নিয়েই রাজনৈতিক মহলে জল্পনা।

এদিকে, বিজেপির তরফে কটাক্ষ এসেছে। রাজ্য বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “এতগুলো রাজ্যে SIR হচ্ছে, সমস্যা শুধু বাংলায়। রাজ্য সরকার ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করলে এই পরিস্থিতি তৈরি হত না।”

সব মিলিয়ে, SIR নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত এবার সুপ্রিম কোর্টের মঞ্চে—রাজনীতির পারদ যে আরও চড়বে, তা বলাই বাহুল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন