তৃণমূল ক্ষমতায় ফিরলে ডবল ডবল চাকরি হবে! প্রতিশ্রুতি দিলেন মমতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূল ক্ষমতায় ফিরলে ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে। রবিবার হুগলির পুরশুড়ায় এক জনসভা থেকে প্রতিশ্রুতি দিলেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ১০ বছরের শাসনকালে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সহ সামগ্রিক উন্নয়নের বিষয়ে তেমনভাবে প্রশ্ন না উঠলেও চাকরি এবং কর্মসংস্থান ইস্যুতে বারবার বিরোধীদের তোপের মুখে পড়েছেন মমতা। রাজ্যে এই নির্বাচন আবহেও আদালতে চলছে একাধিক চাকরি সংক্রান্ত মামলা। বাম সরকারের আমলে বছর বছর যে স্কুল সার্ভিস কমিশন এবং টেট পরীক্ষা হল তা মমতা সরকারের ১০ বছরে অনিয়মিত হয়ে গিয়েছে। তাঁর ওপর নিয়োগ দুর্নীতির অভিযোগ তো আছেই।

আরও পড়ুনঃ কালচিনিতে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

নিয়োগের দুর্নীতি এবং চাকরি না হওয়া, স্কুল সার্ভিসের পরীক্ষা না হওয়া কে নির্বাচনে ইস্যু করেছে বিরোধীরা। তাই এবার জনসভা থেকে সেই অভিযোগের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দিলেন প্রতিশ্রুতিও। এদিন মুখ্যমন্ত্রী প্রতিশ্রতি দেন ক্ষুদ্রশিল্পে ঢালাও কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তিনি। এদিন মমতা বলেন, ‘আরও কাজ করে দেব। আরও উন্নয়ন করে দেব। আরও কর্মতীর্থ করে দেব। ডবল ডবল চাকরি হবে। ডবল ডবল শিক্ষা হবে। ডবল ডবল কাজ হবে। স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে দেড় কোটি ছেলে-মেয়ে কাজ পাবে। বাইরে যাওয়ার কোনও প্রয়োজন নেই।’

বিরোধীদের দাবি, তৃণমূল জমানায় গত ১০ বছরে রাজ্যে আসেনি কোনও বড় শিল্প। যার ফলে শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও বেকার যুবক যুবতীদের কাজের সন্ধানে যেতে হয়েছে ভিনরাজ্যে। রাজ্যে দিন মুজুরের কাজও পাওয়া যাচ্ছেনা। পাশাপাশি স্কুলে চাকরির খোঁচা তো আছেই। রাজ্যে এবারের নির্বাচনে অন্যতম ইস্যু কর্মসংস্থান। আজ সেই ইস্যু নিয়েই সুর চড়ান মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জরি শিল্প ও তাঁত শিল্পের উন্নয়নে আরও জোর দেবে সরকার। দেড় কোটি ছেলে-মেয়ে কাজ পাবে রাজ্যেই। কাউকে বাইরে যেতে হবে না। তবে বছর বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা বা টেট পরীক্ষা নিয়ে কিছুই বলেন নি তিনি। অন্যদিকে বিজেপি বার বার অভিযোগ করছে টেট এবং স্কুল সার্ভিসের নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে তৃণমূলের আমলে। টাকা নিয়ে চাকরি দেওয়া, একই পরিবারের অনেকে চাকরি পাওয়ার অভিযোগ তাঁর মধ্যে অন্যতম। বিজেপির দাবি তাঁরা ক্ষমতায় এলে স্বচ্ছভাবে নিয়োগ হবে। নিন্দুকদের প্রশ্ন সম্ভবত স্বচ্ছ নিয়োগের স্বার্থেই তৃণমূল ত্যাগী ‘টেটশ্রী’ বিশ্বজিৎ কুণ্ডুকে টিকিট দিয়েছে বিজেপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত