নজরবন্দি ব্যুরোঃ রাজনীতিই সব কিছু নয়! বিতর্ক দূরে রেখে করোনা আক্রান্ত বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার দ্রুত আরোগ্য কামনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। জেপি নাড্ডার করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী। ট্যুইটে তিনি লেখেন, “শুনলাম বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কোভিড পজিটিভ ধরা পড়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”
আরও পড়ুনঃ মুক্তির স্বাদ পেলাম! বহিষ্কৃত হয়ে মিস্টি বিতরণ করলেন শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক!
উল্লেখ্য, নাড্ডার বাংলা সফর ঘিরে টালমাটাল হয়ে পড়ে রাজ্য রাজনীতি। কনভয়ে হামলার ঘটনায় কার্যত মুখোমুখি পত্র সংঘাতে জড়ায় রাজ্য বনাম কেন্দ্র। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম জেপি নাড্ডার বক্তব্যও আলোড়ন তোলে রাজ্যে। এই যখন অবস্থা তখন কলকাতা থেকে দিল্লীতে ফিরেই করোনা ভাইরাসে আক্রান্ত হন জেপি নাড্ডা। সেই খবর পেয়ে বিতর্ক দূরে রেখে ব্যাক্তিগত স্তরে নাড্ডার আরোগ্য কামনা করলেন মমতা।
বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার সময়, শিরাকোল এলাকায় জেপি নাড্ডার কনভয়ের উপর হামলা হয়। দুস্কৃতীদের ছোঁড়া ইটের ঘায়ে গাড়ির কাঁচ ভেঙে যাওয়া থেকে শুরু করে একাধিক বিজেপি নেতৃত্ব আহত হন। মমতা বন্দ্যোপাধ্যায় এই হামলার ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুলে প্রশ্ন তোলেন, এত সিকিওরিটি থাকা সত্বেও কিভাবে হল হামলা? সাজানো নয়তো? নাড্ডা, চাড্ডা, ফাড্ডা, ভাড্ডা… রোজ কেউ না কেউ চলে আসছে বলে আক্রমণ শানান তিনি।
এদিকে, পরে সাংবাদিক সম্মেলন করে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি বলেন, “পশ্চিমবঙ্গে অরাজকতা চরম সীমায় পৌঁছেছে। প্রশাসন পুরোপুরি ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই। প্রজাতান্ত্রিক উপায়েই এই সরকারের পতন বিজেপি ঘটাবে।” বিজেপি সভাপতি দাবি করেন, “আরে আমরা ইন্দিরা গান্ধীর সঙ্গে লড়াই করে হারিয়ে দিয়েছিলাম, ইনি তো মমতা বন্দ্যোপাধ্যায়।” এর পরেই মমতাকে আক্রমণ করে নাড্ডা বলেন, “মমতাদি আপনি আজ আমার সম্পর্কে যা বলেছেন, সেটা আপনার সংস্কৃতির পরিচয় দিচ্ছে। এটা বাংলার সংস্কৃতি নয়, এটা মমতাদির নিজের সংস্কৃতি।”



