নজরবন্দি ব্যুরোঃ যতই ষড়যন্ত্র করুক, হারিয়ে ভূত করে দেব। কাদের সুবিধার জন্যে ৮ দফায় ভোট? এভাবেই নির্বাচন কমিশন কে বিঁধলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নির্বাচন কমিশন ভোটের নির্ঘন্ট ঘোষণা করার পরেই সাংবাদিক সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কে স্বাগত জানালেও পরে তীব্র সমালোচনা করেন একাধিক সিদ্ধান্তের। উল্লেখ্য, আজ বিকেলে দিল্লির বিজ্ঞানভবন থেকে পশ্চিমবঙ্গ-সহ চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন। সেখানেই জানানো হয়, বাংলায় ভোটগ্রহণ হবে ৮ দফায়। সেই প্রসঙ্গেই তীব্র ক্ষভ প্রকাশ করেন মমতা।
আরও পড়ুনঃ ‘অতিথি’ আপ্যায়নে তৈরি, নীরবের ঘরে ফেরার অপেক্ষায় আর্থার রোড জেল।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমে কমিশনের প্রশংসা করে মমতা বলেন, ‘‘নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। কিন্তু অসম, কেরল এবং তামিলনাড়ুতে ১ দফায় ভোট হলে, পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট কেন? গত বছর বিহারে ২৩৪ আসনে ৩ দফায় ভোট হয়েছিল। কাদের সুবিধে করে দিতে এখানে ৮ দফায় ভোট?’’ বাংলায় ৮ দফায় ভোট প্রসঙ্গে বিজেপির কথা টেনে আনেন মমতা। তাঁর অভিযোগ, কমিশনের সিদ্ধান্তের পিছনে কেন্দ্রের হাত রয়েছে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিজেপি-র হাতে এজেন্সি রয়েছে। ভোটের আগে এজেন্সিগুলির অপব্যবহার করছে তারা। ভোটের আগে বাংলায় টাকা পাঠাচ্ছে। আমরা সব বুঝতে পারছি। কমিশনকে বলছি, টাকার খেলা বন্ধ করুন। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কাজ করুন। কিন্তু তিনি তাঁর ক্ষমতার অপব্যবহার করছেন। প্রধানমন্ত্রীও তাঁর ক্ষমতার অপব্যবহার করছেন। সব দল মিলে যদি মনে করে বাংলাকে ধ্বংস করবে, বাংলার মানুষ তার জবাব দেবেন। এক মাসে ৮ দফায় ভোট কি নরেন্দ্র মোদী-অমিত শাহ ঠিক করে দিয়েছে?’’
এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং প্রধানমন্ত্রী কে নিশানা করে বলেন, ‘‘মিস্টার নরেন্দ্র মোদী, মিস্টার অমিত শাহ, আপনাদের বলে দিচ্ছি, বাংলার মানুষ এর জবাব দেবেন! আমিই একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। এক মহিলাকে এত ভয়!’’
দক্ষিন ২৪ পরগণায় ৩ দফাতে ভোট গ্রহন করার সিদ্ধান্তের সমালচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দক্ষিণ ২৪ পরগনায় আমাদের জোর বেশি। তাই ওখানে ৩ দফায় ভোট করছে। এক জন মহিলাকে এত ভয় যে বাইরে থেকে নেতা আনতে হচ্ছে! যতই ইচ্ছা নেতা আনুক। আমরা নেতা নই, ঘর মোছার ন্যাতা। খেলা হবেই। হারিয়ে ভূত করে দেব। বাংলাকে অসম্মান করার উত্তর দেবেন মানুষ।’’



