ভোটের আগে বড় ঘোষণা মমতার, পুরোহিত ও ইমাম-মুয়াজ্জেমদের ভাতা বাড়ল

ভোটের আগে পুরোহিত ও ইমাম-মুয়াজ্জেমদের ভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার থেকে মাসে ২,০০০ টাকা করে পাবেন তাঁরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের আগে আবারও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুরোহিত এবং ইমাম-মুয়াজ্জেমদের মাসিক ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত জানালেন তিনি। রবিবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, সমাজের আধ্যাত্মিক ও সামাজিক পরিকাঠামোকে শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুরোহিত ও মুয়াজ্জেমদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে তাঁরা প্রতি মাসে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। আগে এই ভাতার পরিমাণ ছিল ১,৫০০ টাকা।

এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের পুরোহিত ও মুয়াজ্জেমদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এই সম্প্রদায়ের মানুষ আমাদের আধ্যাত্মিক ও সামাজিক জীবনকে সচল রাখেন।”

তিনি আরও জানান, পুরোহিত ও মুয়াজ্জেমদের পক্ষ থেকে জমা দেওয়া সমস্ত আবেদনপত্রও গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি অন্তর্বর্তী বাজেটে রাজ্যের মহিলাদের জন্য জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর আর্থিক সহায়তাও বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন সামাজিক প্রকল্পে আর্থিক সহায়তা বাড়িয়ে জনসংযোগ আরও মজবুত করতে চাইছে রাজ্য সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত