লোকসভা নির্বাচনের আগে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর গড়ে প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। আজ, সোমবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়গ্রামে জনসভা করলেন তিনি। এরপর আবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভগবানগোলায় জনসভা করবেন তিনি। লোকসভার সঙ্গেই ভগবানগোলায় উপনির্বাচন রয়েছে।
আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডে জড়িত রাজ্যের ২-৩ জন মন্ত্রী, আদালতে বিস্ফোরক দাবি ইডির


এদিনের সভা থেকে ফের একবার সিপিআইএম-কংগ্রেসকে নিশানায় নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, “সিপিআইএম-কংগ্রেসকে সুবিধা করে দিচ্ছে বিজেপি। আমাদের হারাতে এই দুই দলকে ব্যবহার করছে। আর তাঁরা বুঝতেও পারছে না। বাংলায় বিজেপির দু’টো চোখ সিপিআইএম আর কংগ্রেস। সিপিআইএমের ৩৪ বছরের অত্যাচার আপনারা ভুলে গেছেন? এখন কেউ কেউ তাঁদের সাথেই হাত মেলাচ্ছে।”

একদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বাম-কংগ্রেস জোটকে কটাক্ষ করে বলেন, “ইন্ডিয়া জোটের নাম আমার দেওয়া। যে নাম শুনলে নরেন্দ্র মোদী থরথর করে কাঁপে। আমি কংগ্রেসকে বলেছিলাম, আপনারা সিপিআইএমের সঙ্গে জোট করবেন না। আপনাদের ২টো আসন আমরা ছাড়ব। কিন্তু আমার সেই কথা ওরা শোনেনি।”



বাংলায় বিজেপির দু’টো চোখ সিপিআইএম আর কংগ্রেস, খড়গ্রাম থেকে তোপ মমতার
আগামী ৭ মে, তৃতীয় দফায় মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে ভোট। চতুর্থ দফায় ভোট বহরমপুরে। সেখানে অধীরকে হারাতে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে বিশেষ দায়িত্ব দিয়েছেন মমতা। বৈঠক করেছেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের সঙ্গেও। তৃণমূল সূত্রে খবর, আগামী তিন দিন বহরমপুরে থাকবেন মুখ্যমন্ত্রী।








