নজরবন্দি ব্যুরোঃ বগটুইকাণ্ডের ঘা এখনও অবধি রাজ্যবাসীর কাছে দগদগে । সেই ঘটনার পরেই রাজ্যজুড়ে বেআইনি অস্ত্র এবং বোমা উদ্ধারের কাজে নেমেছে পুলিশ। বগটুই ঘটনার আবহে মালদহে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।


সূত্রের খবর, মালদহের কালিয়াচক থানার নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত এলেকায় নয়াগ্রামে ভয়াবহ বিস্ফোরণ হয়। পরিবারের দাবী, গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে। বড়সড় বিস্ফোরণই হয়েছে। তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির ছাদের একটা অংশ উড়ে গেছে। সকালে আচমকা এমন বিস্ফোরণে আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়।

হাবিবুর শেখ নামে পেশায় দিনমজুর ব্যক্তির বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শিশুটিকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।


বগটুই ঘটনার আবহে মালদহে ভয়াবহ বিস্ফোরণ, এলাকায় চাঞ্চল্য

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।গ্যাস সিলিন্ডার ফেটে এই ঘটনা ঘটেছে? নাকি অন্য কারণ? তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবী, গ্যাস সিলিন্ডার নয়, বোমা ফেটে বিস্ফোরণ হয়েছে। বাড়ির ভিতরে বোমা মজুত ছিল? নাকি বাইরে থেকে ছোঁড়া হয়েছে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।







