‘রাজনীতিতে এসে ডিমে ভয়?’ মহুয়ার আর্জিতে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের, খারিজ হল আবেদন

‘বোরখা’ মন্তব্য মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেছিলেন মহুয়া মৈত্র। শুনানিতে কড়া মন্তব্য করে আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

‘বোরখা’ মন্তব্যকে ঘিরে দায়ের হওয়া মামলায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)-কে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)-এর নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা তাঁর আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। শুনানির সময় আদালতের পর্যবেক্ষণ ঘিরে নতুন করে রাজনৈতিক ও আইনি মহলে আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি দীপঙ্কর দত্ত (Justice Dipankar Datta) এবং বিচারপতি শিল নাগু (Justice Shail Nagu)-র ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানির সময় বেঞ্চ মন্তব্য করে, “আপনি সংসদের সদস্য। রাজনীতিতে এসে ডিমে ভয় পাচ্ছেন? স্বাধীনতা সংগ্রামীরা বুক পেতে গুলি খেয়েছেন। এই ধরনের আবেদন আদালতের বিচার্য হওয়া উচিত নয়।”

আদালতের এই পর্যবেক্ষণের পর মহুয়া মৈত্রের আইনজীবী গোপাল শংকরনারায়ণন (Gopal Sankaranarayanan) আবেদন প্রত্যাহারের অনুমতি চান। তবে সেই আবেদন মঞ্জুর না করে সরাসরি মামলাটি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

এই মামলার সূত্রপাত গত জুন মাসে। ত্রাণসামগ্রী এবং ত্রিপল চুরির অভিযোগে গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস (Ujjal Biswas)-কে আদালতে তোলার সময় তাঁর দিকে ডিম ছোড়ার ঘটনা ঘটে। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন মহুয়া মৈত্র। ওই ভিডিওতে ডিম ছোড়ার ঘটনায় যুক্ত কয়েকজন হিন্দু মহিলাকে ‘বোরখা পরা’ বলে উল্লেখ করেন তিনি। এরপরই তাঁর মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়।

মহুয়ার ওই মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ তুলে নদিয়ার হোগলবেড়িয়া থানা (Hogalberia Police Station)-য় অভিযোগ দায়ের করেন করিমপুর মণ্ডল ৪ বিজেপি (Bharatiya Janata Party)-র সাধারণ সম্পাদক হীরক ভট্টাচার্য (Hirak Bhattacharya)

পরবর্তীতে এই মামলায় কলকাতা হাই কোর্টে আবেদন করেন মহুয়া মৈত্র। বিচারপতি সৌগত ভট্টাচার্য (Justice Sougata Bhattacharya) নির্দেশ দেন, আইন মেনে তদন্ত চালাবে পুলিশ। পাশাপাশি সংসদের অধিবেশন শেষ হওয়ার পর ১৪ অগস্ট থানায় হাজিরা দিতে হবে সাংসদকে। তবে আদালত পুলিশকে নির্দেশ দেয়, হাজিরার সময় তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কোনও ধরনের হেনস্তা করা যাবে না।

এছাড়াও হাই কোর্ট জানিয়েছিল, ৫ অক্টোবর পর্যন্ত মহুয়া মৈত্রের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। এই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তিনি। কিন্তু শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে দেওয়ায় আপাতত হাই কোর্টের নির্দেশই বহাল থাকল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন