আজ থেকে শুরু হয়ে গিয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। আগামী জুন মাস পর্যন্ত চলবে ভোটপ্রক্রিয়া। এর মধ্যেই প্রকাশিত হতে পারে মাধ্যমিকের (Madhyamik Exam Result) ফলাফল। সাধারণত মে মাসেই মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়, সেই মতই এবারও হতে পারে বলে খবর। একইসঙ্গে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের প্রস্তুতি শুরু করে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।



আরও পড়ুন: নির্বাচনের সময় আবার উত্তপ্ত শীতলকুচি, ভোটদানে বাধা, হাঁসুয়ার কোপ বিজেপি কর্মীর মাথায়
চলতি বছরের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। ১২ ফেব্রুয়ারি শেষ হয়েছিল মাধ্যমিক। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মাথায় ফল প্রকাশ করতে হবে। আগামী ১২ মে শীর্ষ আদালতের দেওয়া সময়সীমা পূর্ণ হবে। তার আগেই ফলপ্রকাশ করা হতে পারে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। ৯০ দিনের মধ্যেই ফলপ্রকাশ করা হবে।’



গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সরকারি অনুমোদন পাওয়া গেলেই অনলাইনে ফল প্রকাশ করা হবে বলে খবর। জানা গিয়েছে, প্রথমে অনলাইনে ফল প্রকাশ করা হবে। তার এক সপ্তাহের মাথায় বিভিন্ন স্কুলের ক্যাম্পের মাধ্যমে মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ করা হবে।
ভোটপর্বের মাঝেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, মে মাসেই বেরোবে রেজাল্ট!

সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘আমাদের সমস্ত নম্বর জমা পড়ে গিয়েছে। অনলাইনে নম্বর জমা হওয়ার কারণে যখন চাইব তখনই ফল প্রকাশ করে দিতে পারব। সরকারি অনুমোদন পেলেই ফল প্রকাশ করে দেওয়া যাবে।’







