কাল থেকে মাধ্যমিক, পরীক্ষার্থীদের জন্য ‘ফুল প্রোটেকশন’—ট্র্যাফিক কড়াকড়ি থেকে হেল্পলাইন, পথে পাশে কলকাতা পুলিশ

মাধ্যমিক শুরু সোমবার। পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াতে সকাল ৬টা থেকে পণ্যবাহী গাড়ি বন্ধ, চালু বিশেষ হেল্পলাইন ও জরুরি অ্যাম্বুল্যান্স পরিষেবা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কাল, সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ এই দিনে যাতে কোনওভাবেই যাতায়াতজনিত সমস্যায় পড়তে না হয়, সে জন্য আগেভাগেই একগুচ্ছ বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। ট্র্যাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে জরুরি সহায়তা—সব মিলিয়ে পরীক্ষার্থীদের নির্বিঘ্ন ও নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে লালবাজার।

পরীক্ষা চলাকালীন শহরের ট্র্যাফিক ব্যবস্থাকে সচল রাখতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলকাতা জুড়ে পণ্যবাহী গাড়ির চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন। পরীক্ষার্থী বা অভিভাবকদের কোনও সমস্যায় পড়লে ৯৪৩২৬১০০৩৯ নম্বরে ফোন করলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবেন পুলিশকর্মী বা আধিকারিকরা।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিক চলাকালীন সব থানা ও ট্র্যাফিক গার্ডকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। রাস্তায় কোনও পরীক্ষার্থীর দেরি হলে তাঁকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া, কিংবা অ্যাডমিট কার্ড বাড়িতে ভুলে এলে তা দ্রুত সংগ্রহে সাহায্য—এই ধরনের পরিস্থিতিতে মানবিক ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।

নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যগত জরুরি অবস্থার কথাও মাথায় রাখা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অ্যাম্বুল্যান্স মোতায়েন থাকবে। কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

পরিবহণ ক্ষেত্রেও মিলেছে আশ্বাস। অটোরিকশা, ট্যাক্সি ও অ্যাপ-ক্যাব চালকদের বিভিন্ন সংগঠন জানিয়েছে, পরীক্ষার্থীরা রাস্তায় সমস্যায় পড়লে তাঁদের নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে সহযোগিতা করা হবে। বিশেষ করে অ্যাপ-ক্যাব বা অ্যাপ-বাইকের ক্ষেত্রে রাইড ক্যানসেল হওয়া নিয়ে যে অভিযোগ থাকে, তা নিয়েও আশ্বাস দেওয়া হয়েছে—মাধ্যমিক পরীক্ষার্থী বলে পরিচয় দিলে কোনও বুক করা রাইড বাতিল করা হবে না।

সব মিলিয়ে, মাধ্যমিকের প্রথম দিন থেকেই পরীক্ষার্থীদের পাশে ‘বন্ধু’ হয়ে থাকার বার্তা দিয়েছে কলকাতা পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর