মাধ্যমিকে জেলার জয়জয়কার, প্রথম রায়গঞ্জের অভিরূপ! মেধাতালিকায় ১৩১ জন

২০২৬ মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের অভিরূপ ভদ্র। মেধাতালিকায় ১৩১ জনের মধ্যে সবচেয়ে বেশি পড়ুয়া উত্তর দিনাজপুর ও বাঁকুড়া জেলা থেকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতেই ফের প্রমাণ হল, মেধার লড়াইয়ে জেলাগুলিই এখন বাংলার আসল শক্তি। এ বছরের মেধাতালিকায় কলকাতার তুলনায় দাপট দেখাল বিভিন্ন জেলা। উত্তর দিনাজপুর, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি থেকে শুরু করে পুরুলিয়া— রাজ্যের নানা প্রান্তের পড়ুয়ারা জায়গা করে নিল সেরার তালিকায়। এবারের মাধ্যমিকে প্রথম হয়েছে রায়গঞ্জের অভিরূপ ভদ্র। প্রায় পূর্ণ নম্বর পেয়ে গোটা রাজ্যের নজর কেড়েছে সে।

শুক্রবার সকালে সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পরীক্ষা শেষ হওয়ার ৮৪ দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৭১ হাজারেরও বেশি। উল্লেখযোগ্য ভাবে ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যাই ছিল বেশি।

এ বার মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। তার প্রাপ্ত নম্বর ৬৯৮। শতাংশের হিসেবে যা ৯৯.৭১। দ্বিতীয় স্থানে রয়েছে বীরভূমের সরোজিনী দেবী শিশুমন্দির হাইস্কুলের প্রিয়তোষ মুখোপাধ্যায়। তার প্রাপ্ত নম্বর ৬৯৬।

তৃতীয় স্থানে রয়েছে তিন জন পড়ুয়া। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌর জানা, পূর্ব মেদিনীপুরের রামকৃষ্ণ শিক্ষা মন্দিরের অঙ্কনকুমার জানা এবং বাঁকুড়া ক্রিশ্চান কলেজিয়েট স্কুলের মৈনাক মণ্ডল— তিন জনই পেয়েছে ৬৯৫ নম্বর।

চতুর্থ স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুরের ছত্রি বিবেকানন্দ বিদ্যাভবনের অরিজিৎ বর। তার প্রাপ্ত নম্বর ৬৯৪। পঞ্চম স্থানে রয়েছে বালুরঘাট হাইস্কুলের অনরণ্য সরকার। সে পেয়েছে ৬৯৩ নম্বর।

এ বছরের মেধাতালিকায় মোট ১৩১ জন জায়গা পেয়েছে। ১৯ জেলার ৮৩টি স্কুলের পড়ুয়ারা রয়েছে এই তালিকায়। জেলার নিরিখে সবচেয়ে বেশি ১৪ জন করে জায়গা পেয়েছে উত্তর দিনাজপুর ও বাঁকুড়া। দক্ষিণ ২৪ পরগনা থেকে রয়েছে ১১ জন। হুগলি থেকে ৯ জন, পুরুলিয়া থেকেও ৯ জন স্থান পেয়েছে মেধাতালিকায়। কোচবিহার থেকে ৭ জন, বীরভূম থেকে ৬ জন, মালদা থেকে ৫ জন এবং নদিয়া ও মুর্শিদাবাদ থেকে ৩ জন করে পড়ুয়া জায়গা পেয়েছে। পশ্চিম বর্ধমান ও জলপাইগুড়ি থেকে রয়েছে একজন করে।

এ বছর সামগ্রিক পাশের হার ৮২.৮৩ শতাংশ। পাশের হারে শীর্ষে রয়েছে কালিম্পং জেলা। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর এবং তৃতীয় স্থানে কলকাতা।

শিক্ষা মহলের মতে, জেলার পড়ুয়াদের এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করছে যে শহর-গ্রামের ব্যবধান অনেকটাই কমে এসেছে। সুযোগ ও পরিকাঠামো বাড়ার সঙ্গে সঙ্গে জেলার স্কুলগুলিও এখন রাজ্যের সেরা ফল করার ক্ষমতা রাখছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত