নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যে অশান্তির ছবি সামনে এসেছে। মনোনয়ন পর্বেই উত্তেজনা ছড়িয়েছে। এনিয়ে বিরোধীদের আক্রমণের শিকার হয়েছে শাসক দল। তবে পঞ্চায়েতের আগে কেন্দ্রীয় বাহিনী হোক কিংবা বিরোধীদের মন্তব্য- বিভিন্ন ইস্যুতে চেনা মেজাজেই প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। এবার তার আরও একটি ঝলক দেখা গেল। শোলের ঠাকুরের আন্দাজে বিরোধীদের হুঁশিয়ারি দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
আরও পড়ুন: চাকরি চুরির ‘মিসিং লিঙ্ক’ আরও এক তাপস, নিয়োগ দুর্নীতি মামলায় বিস্ফোরক তথ্য!
‘শোলে’ সিনেমার জনপ্রিয় সংলাপ ‘ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর’ শোনা যায় কামারহাটির বিধায়কের মুখে। মদন মিত্র বলেন, “বাইরে যতই কেন্দ্রীয় বাহিনী থাকুক, ব্যালট বক্সে বিজেপি, সিপিএম, কংগ্রেসের কেউ হাত দিলে গেলে ওই হাত বাক্সে থেকে যাবে। স্লোগান একটাই হবে, ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর।” পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন, “কুরবানি দেখেছেন এবার কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হন।”

তৃণমূল বিধায়কের এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য মদন মিত্রকে পাল্টা খোঁচা দিয়ে বলেন, “তৃণমূল ভেবেছিল ২৫ হাজার বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবে। তা না হওয়ায় মদন মিত্র এসব বলেছেন।” তিনি আরও বলেন, “অনেক বয়স হয়ে গেল। এখনও যদি এই ধরনের শিশুসুলভ আচরণ করে তাহলে মানুষ তার সম্পর্কে কী ধারনা করবে। এসব কেউ সিরিয়াসলি নেয় না।”

কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন মদন মিত্র। মনোনয়নকে ঘিরে বিভিন্ন এলাকার অশান্তির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত বৃহস্পতিবার কড়া বিবৃতি জারি করে সন্ত্রাস বন্ধ করার বার্তা দিয়েছিলেন। রাজ্যপালের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তাঁকে ‘কালো শয়তান’ বলে ব্যঙ্গ করেন মদন মিত্র। তিনি বলেন, “রাজ্যপাল কি শয়তানের খেলা দেখেছেন এখনও? ওঁর চেহারাটাই শয়তানের মত। কালো শয়তান। কেলে শয়তান যাকে বলে।” গতকাল তাঁকে ফের শকুন বলে কটাক্ষ করেন কামারহাটি বিধায়ক।
‘ইয়ে হাত মুঝে দে দে, ফিল্মি কায়দায় বিরোধীদের হুঁশিয়ারি










