নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডলকে গ্রেফতার করেছে ইডি। এবার ‘মিসিং লিঙ্ক’ হিসেবে উঠে এল আরও এক তাপসের নাম। তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের সঙ্গে টাকার লেনদেন নিয়ে তথ্য খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআই। আর এই তদন্ত করতেই নাম উঠে আসে তাপস মিশ্রের। ধৃত তাপস মণ্ডলের অফিসের কর্মী ছিলেন এই দ্বিতীয় তাপস।
আরও পড়ুন: রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে অন্য ছবি, সৌজন্য সাক্ষাৎ দেব-সুকান্তর
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূলের প্রতিনিধি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়। তাঁকে জেরা করেই নাম উঠে আসে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের। ইডির দাবি ছিল, দুর্নীতির কালো টাকার লেনদনের বহু তথ্য রয়েছে তাপস মণ্ডলের কাছে। একাধিকবার জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। চাকরি চুরির টাকায় ‘মিসিং লিঙ্ক’ হিসেবে পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা তাপস মিশ্রর নাম উঠে আসে। এরপরই জানা যায়, প্রথমে তাপস মণ্ডলের অফিসের কর্মী ছিল। পরবর্তীকালে তাঁকে কুন্তল ঘোষের কাছে পাঠিয়ে দেওয়া হয়। তাঁর দায়িত্ব ছিল টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া।

সূত্র মারফত আরও জানা গিয়েছে, দুই তাপসের (তাপস মিশ্র এবং তাপস মণ্ডল) ‘মা দুর্গা ইলেকট্রনিক্স’ নামের একটি যৌথ সংস্থা ছিল। এই সংস্থার মাধ্যমেই প্রচুর টাকার নয়ছয় করা হয়েছে বলে খবর। এবার গোয়েন্দাদের তদন্তের বিষয় এই টাকাগুলি কি নিয়োগ দুর্নীতির চাকরি চুরির টাকা? সব প্রশ্নের উত্তর খুঁজতে তাপস মিশ্রের সন্ধান শুরু হয়েছে।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডল উভয়েই এই তাপস মিশ্রকে টাকা এক ঠিকানা থেকে অন্য ঠিকানায় পাঠানোর জন্য ব্যবহার করতেন। বর্তমানে মিশ্রবাবুর কোনও হদিশ নেই। তাঁকে খুজে বের করতে তৎপর হয়েছে ইডি-সিবিআই।
চাকরি চুরির ‘মিসিং লিঙ্ক’ আরও এক তাপস, নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর তথ্য




