নজরবন্দি ব্যুরো: নায়িকা-সাংসদ নুসরতের বিরুদ্ধে ফ্ল্যাট দুর্নীতির অভিযোগে শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিরোধী দলের নেতারা বিস্ফোরক অভিযোগ এনে তাঁর সাংসদ পদ বাতিলের দাবি তুলেছে। তবে নুসরত সাংবাদিক বৈঠক ডেকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এই চাঞ্চল্যকর বিষয়ে আগেই মুখ খুলেছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। কয়েকদিন যেতেই ফের এনিয়ে কথা বললেন তিনি। এমনকি নুসরতের অভিযোগ নিয়ে কথা বলতে গিয়ে টেনে আনলেন মিঠুন চক্রবর্তী ও বনি সেনগুপ্তর প্রসঙ্গ।
আরও পড়ুন: নুসরতের বিরুদ্ধে ফ্ল্যাট দুর্নীতির অভিযোগ, প্রথমবার মুখ খুললেন যশ


ফ্ল্যাট দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলতে গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র বলেন, “বনির বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি টাকা দিয়েছেন। মিঠুনদার বিরুদ্ধে অভিযোগ এসেছিল তিনি টাকা দিয়েছেন। দেখা যাচ্ছে, টাকা দেওয়ার পর আর কিছু থাকছে না। নুসরতের ক্ষেত্রে তাঁর ব্যক্তিগত বিষয়ে আমি ওয়াকিবহাল মহল নই। … নুসরত বলেছে তিনি যতক্ষণ ছিলেন সংস্থায়, তাতে তিনি যে টাকা নিয়েছিলেন, সেই টাকা ফেরত দিয়েছে দিয়েছেন। বিষয়টি এখানেই এন্ড।” নুসরত জাহানের ‘একতরফা’ সাংবাদিক বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছিল। এ নিয়ে মদন মিত্র বলেছিলেন, “কোনও অভিযোগ উঠলে সামনে দাঁড়িয়ে তার মুখোমুখি হতে হয়। আমি যদি প্রশ্ন এড়িয়ে যাই, তাহলে মানুষের মনে এই প্রশ্নটা থাকবে যে কেন প্রশ্নটা এড়িয়ে গেলাম।”

নুসরতের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ২০১৪ সালে ৪২৯ জনের কাছ থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেন। মোট ২৪ কোটি টাকা নাকি তিনি প্রতারণা করে আত্মসাৎ করেছেন। এমনকি প্রতারিতদের নিয়ে ইডির দফতরে গিয়ে নালিশ জানান তিনি। অভিযোগটি করেছেন, বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তাঁর বয়ানে, গড়িয়াহাট রোডে মেসার্স সেভেন সেন্স ইনফাস্ট ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি আছে। সেই কোম্পানির ডিরেক্টর তৃণমূল সাংসদ নুসরত জাহান। এই সংস্থার মাধ্যমেই টাকা তুলে আত্মসাৎ করেছেন নুসরত বলে অভিযোগ।



টলিপাড়ার চর্চিত দম্পত্তি যশ-নুসরত। বর্তমানে তাঁরা তাঁদের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘মেন্টাল’-এর শুটিংয়ে ব্যস্ত। স্ত্রীয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিয়ে মুখ খুলেছেন অভিনেতা যশ দাশগুপ্ত। তাঁর দাবি, ‘নুসরতের বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।’ এই মামলার তদন্তে ইডি তাঁদের ডাকবে না বলেও দাবি করেছেন তারকা দম্পতি।
নুসরতকাণ্ডে ফের অকপট মদন, টেনে আনলেন বনি-মিঠুনের প্রসঙ্গ









