নজরবন্দি ব্যুরোঃ মাস ফুরলেই গোয়ার বিধানসভা নির্বাচন। তার আগেই তৃণমূলের অন্দরে কী ডামাডোল শুরু হয়েছে। দলের তরফে প্রার্থীপদে মনোনিত করা হলেও ফাতোর্দা থেকে প্রার্থীপদে অনিচ্ছা লুজিনহোর। বরং একজন মহিলার হাতে ওই কেন্দ্রের ব্যটন তুলে দিতে চান দলের সহ-সভাপতি। নির্বাচনের আগে কেন এই ইচ্ছাপ্রকাশ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? প্রশ্ন রাজনৈতিক মহলের।
আরও পড়ুনঃ Union Budget 2022: করোনার কারণে বাদ হালুয়া পরিবেশন, বাজেট হবে পেপারলেস


নির্বাচনের মুখে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লুজিনহো ফেলেরিও। তাঁর হাত ধরেই এবারের নির্বাচনে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিল তৃণমূল। এর আগে একাধিকবার নাভেলিম আসন থেকে প্রার্থী হয়েছেন তিনি। কিন্তু তৃণমূলের তরফে তাঁকে ফাতোর্দা আসনটি দেওয়া হয়েছিল। এনিয়ে বেজায় অখুশি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাই নির্বাচনের প্রাক মুহুর্তে ফাতোর্দা আসন থেকে নাম প্রত্যাহার করে নিলেন তিনি।
এবিষয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছেন তিনি। এবারের নির্বাচনে প্রার্থী নয়, বরং প্রার্থীদের হয়ে প্রচারে জোর দিতে চান তিনি। সারা গোয়া জুড়ে প্রচার করবেন তিনি।
প্রার্থীপদে অনিচ্ছা লুজিনহোর, ডামাডোল গোয়া তৃণমূলে
উল্লেখ্য, বাংলায় বিজেপিকে রুখে দেওয়ার পর জাতীয় রাজনীতির দিকে পা বাড়িয়েছে তৃণমূল। ত্রিপুরার পর গোয়া দখল করাই তাঁদের প্রধান লক্ষ্য। সেখানে তুরুপের তাস হয়েছিলেন লুজিনহো। তাঁকে রাজ্যসভার সদস্য করে তৃণমূল। কিন্তু শেষ মুহুর্তে গোয়ার নির্বাচন থেকে তাঁর সরে দাঁড়ানোতে রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে।









