গৃহস্থের মাথায় নতুন চাপ! এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, ১৪.২ কেজি সিলিন্ডার এখন কত?

আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব এবার রান্নাঘরে। ১৪.২ কেজির গৃহস্থালি গ্যাস সিলিন্ডারের দাম ৬০ টাকা বেড়ে ৯৩৯ টাকা, আর বাণিজ্যিক সিলিন্ডার বেড়ে প্রায় ২০০০ টাকার কাছাকাছি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রান্নাঘরের খরচ আবারও বাড়ল। আন্তর্জাতিক পরিস্থিতির জেরে এক ধাক্কায় বাড়ানো হল গৃহস্থালি এবং বাণিজ্যিক—দু’ধরনের এলপিজি সিলিন্ডারের দাম। নতুন দামের ফলে সাধারণ পরিবারের মাসিক খরচে বাড়তি চাপ পড়তে চলেছে। শনিবার ঘোষিত এই সিদ্ধান্ত অনুযায়ী ১৪.২ কেজির গৃহস্থালি সিলিন্ডারের দাম এক লাফে ৬০ টাকা বেড়ে গেল।

নতুন দামে এখন ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৯৩৯ টাকা। এতদিন এই সিলিন্ডারের দাম ছিল ৮৭৯ টাকা। অর্থাৎ এক ধাক্কায় ৬০ টাকা বেড়ে গেল রান্নার গ্যাসের খরচ।

শুধু গৃহস্থালি গ্যাসই নয়, বাড়ানো হয়েছে বাণিজ্যিক গ্যাসের দামও। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। ফলে আগে যেখানে এই সিলিন্ডারের দাম ছিল ১,৮৭৫ টাকা ৫০ পয়সা, এখন তা বেড়ে হয়েছে ১,৯৯০ টাকা।

উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র পাঁচ দিন আগেই অর্থাৎ ১ মার্চ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩১ টাকা বাড়ানো হয়েছিল। সে সময় গৃহস্থালি গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হলেও, এবার একসঙ্গে দুই ধরনের গ্যাসের দামই বাড়ানো হল।

পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে সম্প্রতি পুরনো একটি নিয়মও ফের চালু করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, গৃহস্থরা ২১ দিনের মধ্যে একটি মাত্র এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার জেরেই এই দামবৃদ্ধি। ইরান, আমেরিকা ও ইজ়রায়েলের সংঘাতের ফলে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহণ কার্যত ব্যাহত হয়েছে। এই প্রণালী দিয়েই বিশ্বের একটি বড় অংশের অপরিশোধিত তেল পরিবহণ হয়।

ভারত সরকারের তরফে জানানো হয়েছে, আপাতত দেশের চাহিদা মেটানোর মতো জ্বালানি মজুত রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় সরবরাহ বজায় রাখতে রাশিয়া ভারতকে জ্বালানি দেওয়ার আশ্বাস দিয়েছে। অন্যদিকে আমেরিকাও শর্তসাপেক্ষে এক মাসের জন্য রাশিয়া থেকে তেল আমদানির অনুমতি দিয়েছে ভারতকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন