দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হলেও আপাতত বাংলার আবহাওয়ায় তার সরাসরি কোনও প্রভাব পড়ছে না। বরং আগামী কয়েক দিন রাজ্যে থাকবে শুষ্ক ও স্থিতিশীল আবহাওয়া, সকালে ও রাতে থাকবে হালকা শীতের আমেজ, আর দিন বাড়ার সঙ্গে সঙ্গে শীত কার্যত বিদায় নেবে—এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হলেও দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপ এখনও বাংলার জন্য উদ্বেগের কারণ হয়ে ওঠেনি। আবহাওয়াবিদদের মতে, এই মুহূর্তে রাজ্যে বড় ধরনের কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।


আগামী দু’দিন আবহাওয়া প্রায় একই রকম থাকবে। তবে বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহের শেষ দিকে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে দিনের বেলায় শীতের অনুভূতি প্রায় উধাও হয়ে যাবে। উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়া না থাকলেও শুষ্ক হাওয়ার প্রভাব বজায় থাকবে, আর দক্ষিণা বাতাসের দাপট এখনই বাড়ার সম্ভাবনা নেই।
মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সপ্তাহের মাঝামাঝি শহর ও সংলগ্ন এলাকায় তা বেড়ে ১৮ থেকে ২০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ থেকে ১৯ ডিগ্রির মধ্যে, আর পশ্চিমের জেলাগুলিতে তা ১৫ থেকে ১৮ ডিগ্রির মধ্যে থাকবে।
উত্তরবঙ্গেও সপ্তাহান্তে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দার্জিলিং ও পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রির মধ্যে থাকতে পারে। কালিম্পং ও পার্শ্ববর্তী এলাকায় তা থাকবে ১১ থেকে ১৪ ডিগ্রির মধ্যে। শিলিগুড়ি, মালদহ ও সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ থেকে ১৯ ডিগ্রির মধ্যে।


কলকাতায় আপাতত আকাশ পরিষ্কার থাকবে। ভোরের দিকে হালকা শিশির বা কুয়াশার সম্ভাবনা থাকলেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তাপমাত্রায় বড় পরিবর্তন না হলেও ধীরে ধীরে পারদ ঊর্ধ্বমুখী হবে। বৃহস্পতিবার থেকে এই বৃদ্ধির প্রবণতা আরও স্পষ্ট হবে এবং সপ্তাহের শেষে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে।
মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি কম। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৫ থেকে ৮২ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ১৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা।








