সামনেই লোকসভা নির্বাচন। বেজে গেছে ভোটের দামামা। ঘোষণা হয়ে গেছে ভোটের দিনক্ষণ। বাকী নেই আর একমাস। সারা দেশ জুড়ে লাগু হয়ে গেছে নির্বাচনী আচরণবিধি। ব্রিগেডের ময়দান থেকে রাজ্যের সমস্ত আসনে প্রার্থী ঘোষণা করেছে শাসকদল। দফায় দফায় প্রার্থী ঘোষণা করছে রাজ্যের বিরোধী সব দল। জোরকদমে প্রচারে নেমে পড়েছে প্রার্থীরা। জনসংযোগে কোন খামতি রাখতে চায় না কোন দল।

আরও পড়ুন : মেদিনীপুরে নয় দিলীপ, তিনি রাজী নতুন আসনেই, জল্পনার মাঝে দিলীপের বাড়ীতে হাজির অগ্নিমিত্রা!
বাংলায় বিজেপির দ্বিতীয় দফার প্রার্থীতালিকা ঘোষণা হতেই দেখা গেল আসন্ন নির্বাচনে সবচেয়ে আকর্ষনীয় আসন হতে চলেছে বসিরহাট। এই কেন্দ্র থেকে এবারে প্রার্থী করা হয়েছে তৃণমূলের হাজি নুরুল ইসলামকে। টিকিট পায়নি দীর্ঘদিনের সাংসদ নুসরাত জাহান। এর মধ্যে ব্যাপক জল্পনা ছিল কাকে প্রার্থী করবে বিজেপি? অবশেষে সব জল্পনার অবসান।

সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করা হল বসিরহাট কেন্দ্র থেকে। সন্দেশখালিতে নারী নিগ্রহ নিয়ে মুখ খুলেছিলেন তিনি। সন্দেশখালি আন্দোলনের মাঝে তাকে বেশ কয়েকবার স্লোগান দিতে দেখা গিয়েছিল। সেই রেখা পাত্রকেই এবার সংসদে চান প্রধানমন্ত্রী। সূত্রের খবর, বসিরহাট কেন্দ্রের প্রার্থী বাছাইয়ে হস্তক্ষেপ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। রাজ্যে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করতেই দেখা গেল একের পর এক চমক।

বসিরহাট কেন্দ্রে মাষ্টারস্ট্রোক বিজেপির, প্রার্থীতালিকায় সন্দেশখালির এক গৃহবধূ
পুরনো গড় থেকে সরানো হয়েছে অনেককে। এসেছে অনেক নতুন মুখ। অনেক আসন নিয়েই বিজেপির অন্দরে তৈরি হয় দ্বন্দ্ব, প্রকাশ্যে এসেছে গোষ্ঠীকোন্দল। বিগত বেশ কয়েকদিন ধরে সন্দেশখালি ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। যা নিয়ে কিঞ্চিত অস্বস্তিতে শাসক শিবির। এবার সেই সন্দেশখালিতেই মাষ্টারস্ট্রোক দিলেন মোদী। যা নাকি ঘুনাক্ষরেও জানতে পারেনি দলের কেউ। উল্লেখ্য এই আসনে আইএসএফ থেকে প্রার্থী করা হয়েছে মহম্মদ শহিদুল ইসলাম মোল্লা। বেশ হাইভোল্টেজ কেন্দ্র হতে চলেছে বসিরহাট।



