নজরবন্দি ব্যুরো: সপ্তাহের শেষ কর্মব্যস্ত দিনের অফিস টাইমে এক বড়সড় ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন যাত্রীরা। শনিবার সকালে দমদমের পাঁচ নম্বর লাইনে ডাউন কল্যাণী মাঝেরহাট লোকাল লাইনচ্যুত হয়। খবর পেয়ে রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।
আরও পড়ুন: ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে নয়া মোড়! সংস্থা থেকে ভাতা পেতেন নুসরাত, দাবি ইডির
জানা গিয়েছে, কল্যাণী মাঝেরহাট ডাউন ট্রেন নম্বর ৩০১২৮, বগি নম্বর ৬০২০৬৭ দমদম জংশন স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। এরপর সেটি ছেড়ে যাওয়ার সময়ে চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের পাঁচ নম্বর বগির চাকা লাইনচ্যুত হয়েছে বলে খবর। ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ। এক রেলযাত্রী এই ভয়ঙ্কর অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, “আচমকাই একটা প্রচণ্ড ঝাঁকুনি হয়। কিছু বুঝে ওঠার আগেই আমরা একে ওপরের ঘাড়ে গিয়ে পড়ি। তখন ব্যাপারটা সেভাবে বুঝতেই পারিনি। ট্রেন দাঁড়িয়ে যায়। অনেকেই লাইন দিয়ে নীচে নেমে আসেন। তারপর বুঝি লাইনচ্যুত হয়েছে ট্রেন।”

বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। কীভাবে দুর্ঘটনা ঘটল তাও এখনও জানা যায়নি। রেল আধিকারিকরা প্রাথমিক ভাবে জানিয়েছেন পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে যান্ত্রিক গোলযোগ হয়েছে বলেই দাবি করা হচ্ছে। এই ঘটনায় আতঙ্ক বেড়েছে যাত্রীদের।
আপাতত পাঁচ নম্বর দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার সকাল ৯ টা ৫২ মিনিটে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ট্রেন লাইনচ্যুত হওয়ার খবরে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। কতক্ষণ সময় লাগবে লাইনচ্যুত কল্যাণী-মাঝেরহাট লোকাল ট্রেনের পরিষেবা ফের স্বাভাবিক করতে তা এখনও বলা যাচ্ছে না। পাঁচ নম্বর ট্র্যাক বন্ধ থাকলেও এক, দুই, তিন ও চার নম্বর লাইন দিয়ে আপাতত ট্রেন চলাচলকে স্বাভাবিক করা হয়েছে।
অফিসটাইমে লাইনচ্যুত লোকাল ট্রেন, ট্র্যাকের বাইরে চলে আসে একটি বগি




