২৫ শতাংশ মহার্ঘ্যভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ, রাজ্য সরকারি কর্মীদের সুখবর দিল সুপ্রিম কোর্ট

হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের করা মামলায় রায়দান শুরু সুপ্রিম কোর্টে। বকেয়া ডিএ পাবেন কি রাজ্যের সরকারি কর্মচারীরা, সেদিকেই তাকিয়ে লক্ষাধিক পরিবার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

🔴 LIVE UPDATES | ২৫ শতাংশ মহার্ঘ্যভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ, রাজ্য সরকারি কর্মীদের সুখবর দিল সুপ্রিম কোর্ট

বকেয়া ডিএ নিয়ে নিজেদের পুরনো অবস্থানেই অনড় রইল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, রাজ্য সরকারকে বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মেটাতেই হবে। গত বছর ১৬ মে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, সেটিই বহাল রাখা হয়েছে।

৫০ শতাংশ নয়, অন্তত ২৫ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ
প্রথমে সুপ্রিম কোর্ট রাজ্যকে বকেয়া ডিএ-র ৫০ শতাংশ মেটানোর নির্দেশ দিতে চেয়েছিল। কিন্তু রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে জানান, এই মুহূর্তে ৫০ শতাংশ ডিএ দেওয়া সম্ভব নয়। তাতে রাজ্য চালানো কঠিন হয়ে পড়বে। সেই যুক্তির পরেই আদালত জানায়, অন্তত ২৫ শতাংশ বকেয়া ডিএ ছ’সপ্তাহের মধ্যে রাজ্যকে দিতে হবে।

- Advertisement -

বাকি ৭৫ শতাংশ ডিএ নিয়ে সিদ্ধান্ত নেবে কমিটি
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১২
২৫ শতাংশ বকেয়া ডিএ মেটানোর পরেও রাজ্য সরকারি কর্মচারীদের আরও ৭৫ শতাংশ ডিএ বাকি থাকবে। ওই বকেয়া অর্থ কী ভাবে এবং কতটি কিস্তিতে পরিশোধ করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত চার সদস্যের কমিটি।

বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ বহাল
সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০৩
বকেয়া ডিএ নিয়ে পুরনো নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানাল, রাজ্য সরকারকে বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মেটাতেই হবে। নির্দেশ অনুযায়ী, আগামী মার্চ মাসের মধ্যেই ওই ২৫ শতাংশ বকেয়া ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে।

বকেয়া ডিএ নিয়ে নতুন কমিটি গঠনের নির্দেশ
সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৫৭
বকেয়া ডিএ-র বিষয়টি খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের একটি নতুন কমিটি গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানায়, রোপা রুল অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পাওয়া আইনগত অধিকার।

রায়দান শুরু
সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪০
সুপ্রিম কোর্টে ডিএ মামলায় রায়দান শুরু হয়েছে। বিচারপতি সঞ্জয় কারোল রায় পাঠ করতে শুরু করেছেন বলে আদালত সূত্রে খবর।

- Advertisement -

হাই কোর্টের রায় চ্যালেঞ্জ
সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৩৮
রাজ্যের আবেদন খারিজ করে সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। এর আগেই শীর্ষ আদালত বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছিল।

পুরনো রায় কেন প্রযোজ্য নয়—আদালতের ব্যাখ্যা
সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৩৬
সুপ্রিম কোর্ট জানায়, রাজ্য যে পুরনো রায়ের উদাহরণ দিয়েছে সেগুলি ছিল কারখানা শ্রমিকদের ক্ষেত্রে। রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে রয়েছে স্পষ্ট স্ট্যাটিউটরি সার্ভিস রুল (আরওপিএ)। তাই সেই যুক্তি গ্রহণযোগ্য নয়।

ডিএ নিয়ে বৈষম্যের প্রশ্ন
সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৩৪
রাজ্যের যুক্তি, দিল্লি ও গ্রামের জীবনযাত্রার খরচ সমান নয়। তাই ডিএ-ও এক হতে পারে না। কর্মস্থলভিত্তিক ডিএ পুরনো রায়ের দ্বারা সমর্থিত—এই দাবি তোলে রাজ্য।

আর্থিক অক্ষমতার যুক্তি
সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৩২
রাজ্যের বক্তব্য, কেন্দ্রীয় হারে ডিএ দিলে রাজ্যের আর্থিক কাঠামো ভেঙে পড়বে। সকল কর্মচারীকে সেই হারে ডিএ দেওয়ার মতো আর্থিক সামর্থ্য রাজ্যের নেই।

ডিএ মৌলিক অধিকার নয়—রাজ্যের দাবি
সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৩১
রাজ্যের বক্তব্য, ডিএ কোনও মৌলিক অধিকার নয়। কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো আলাদা। তাই কেন্দ্রের সঙ্গে তুলনা চলে না।

‘আর্থিক অক্ষমতা অজুহাত নয়’
সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৩০
মামলাকারীদের বক্তব্য, আইএএস–আইপিএস অফিসাররা পুরো ডিএ পাচ্ছেন। দিল্লি ও চেন্নাইয়ে কর্মরত রাজ্যের কর্মচারীরাও পাচ্ছেন। তা হলে বাংলার সাধারণ কর্মচারীদের জন্য টাকা নেই—এই যুক্তি গ্রহণযোগ্য নয়।

সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের প্রশ্ন
সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:২৯
একই রাজ্য সরকারের কর্মচারী হয়েও আলাদা হারে ডিএ—এটি সমতার অধিকারের লঙ্ঘন বলে দাবি কর্মচারীদের।

ডিএ আইনগত অধিকার—কর্মচারীদের দাবি
সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:২৭
আরওপিএ রুলস, ২০০৯ অনুযায়ী ডিএ বেতনের অংশ। একবার আইন তৈরি হলে সরকার ইচ্ছেমতো তা অমান্য করতে পারে না—দাবি কর্মচারীদের।

কেন ডিএ নিয়ে আদালতে গিয়েছেন কর্মচারীরা
সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:২২
বহু বছর ধরে ডিএ অনিয়মিত এবং বকেয়া জমে থাকার অভিযোগ তুলে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন আদালতের দ্বারস্থ হয়।

ডিএ কী এবং কেন গুরুত্বপূর্ণ
সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:১৯
দ্রব্যমূল্যের বৃদ্ধিতে বেতনের প্রকৃত মূল্য কমে যায়। সেই ক্ষতি পুষিয়ে দিতেই মহার্ঘ ভাতা প্রদান করা হয়।

ডিএ-র ফারাক কতটা?
সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:১৮
বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছেন ১৮ শতাংশ ডিএ। কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ৫৮ শতাংশ। ফারাক প্রায় ৪০ শতাংশ। অষ্টম বেতন কমিশন এলে এই ফারাক আরও বাড়তে পারে।

কর্মচারীদের পক্ষে আইনজীবীরা
সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:১৪
হাই কোর্টে কর্মচারীদের হয়ে সওয়াল করেছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ মোট পাঁচ আইনজীবী।

হাই কোর্টে রাজ্যের ধাক্কা
সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৩৪
২০২২ সালের ২০ মে কলকাতা হাই কোর্ট রায় দিয়েছিল—ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার এবং কেন্দ্রীয় হারে তা দিতে হবে।

ডিএ মামলা—এক নজরে
সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৩৪
এসএটি → কলকাতা হাই কোর্ট → সুপ্রিম কোর্ট—এই দীর্ঘ আইনি পথে গড়িয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর