নজরবন্দি ব্যুরো: কয়েকদিন পরই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত জি-২০ সামিট। রাজধানী দিল্লিতে আয়োজিত হতে চলেছে এই অনুষ্ঠান। এছাড়াও রয়েছে জন্মাষ্টমী। এই দুই কারণের জন্য টানা পাঁচদিন মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দিল্লির সরকার। এই ঘোষণার পরই মদের দোকানগুলিতে ভিড় বাড়তে শুরু করেছে। জেনে নিন বিস্তারিত।
আরও পড়ুন: জি ২০ সম্মেলনে জিনপিং এর না আসা নিয়ে মুখ খুললেন অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট
জানা গিয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লিতে টানা পাঁচদিন মদের দোকান বন্ধ থাকবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারের ঘোষণা অনুযায়ী দিল্লিতে ৪ টি ড্রাই ডে থাকবে। জন্মাষ্টমীর জন্য আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর মদের দোকান বন্ধ থাকবে। জি-২০ সামিট উপলক্ষ্যে কেন্দ্র ও দিল্লি সরকারের তরফে ওই দিনগুলিতে বাজার-দোকান, স্কুল-অফিস বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছে। এরফলে আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত মদের দোকান বন্ধ থাকবে।

এখন প্রশ্ন উঠছে, এই দিনগুলিতে কী সমস্ত দিল্লিতে মদের দোকান বন্ধ থাকবে? সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, জি-২০ সম্মেলন চলাকালীন নয়া দিল্লি পুলিশ জেলার অধীনে ৮-১০ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। কেবল ৬-৭ সেপ্টেম্বর সমগ্র দিল্লিতেই মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অনেকেরই ধারণা, জি-২০ সম্মেলনের পর রাজধানী দিল্লিতে লকডাউন হতে পারে। তাই অনেকেই আগে থেকে মদ কিনে মজুত রাখতে শুরু করেছে। গত এক সপ্তাহে দিল্লি সহ নিকটবর্তী এলাকায় মদের বিক্রি ২০ শতাংশ বেড়েছে। করোনা মহামারীর সময় লকডাউনে বহু সুরাপ্রেমীকেই সমস্যার মুখে পড়তে হয়েছিল। তাই আশঙ্কার কথা মাথায় রেখেই ভিড় বাড়ছে মদের দোকানে।
সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, ৫ দিন মদের দোকান বন্ধ থাকবে এই রাজ্যে




