নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা নির্বাচনে জেলায় একটিও আসন পায়নি বিরোধীরা৷ হাওড়া জেলায় সবুজ ঝড়ে খুঁজে পাওয়া যায়নি বিরোধীদের অস্তিত্ব। বছর ঘুরে সেই জেলাতেই ক্রমশ মাথাচাড়া দিচ্ছে লাল শিবির। হাওড়ার মাটিতে সমবায় নির্বাচনে জয়লাভ করল বামপন্থীরা৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাওড়ার সাঁকরাইল এর শ্যামাপ্রসন্ন সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয় বাম শিবিরের৷
আরও পড়ুনঃ পার্থর প্রতি দুর্বলতা রয়েছে, মন্তব্য রাজ্যের মন্ত্রীর


দিন কয়েক আগে সাঁকরাইল এলাকায় বামেদের কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্র আকার নিয়েছিল৷ আহত হন একাধিক বাম কর্মী৷ পরে কর্মীদের উজ্জীবিত করতে সেখানে সমাবেশ করেন বাম শীর্ষ নেতৃত্ব৷ সেটাই দলের জন্য বাড়তি অক্সিজেনের কাজ করে৷ আজকের নির্বাচনের পরে কিছুটা অস্বস্তিতে শাসক দল৷

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন৷ তার আগে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সাবধান করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দলের বিধায়কদের ও সাংগঠনিক নেতাদের নিয়ে বৈঠক করেন তিনি৷ কিন্তু তাতেও কোনও লাভ হয়নি৷ দলীয় নেতাদের মধ্যে দ্বন্দ্ব বিরোধী শিবিরের কাজ অনেকটা সহজ করে দিয়েছিল৷



দীর্ঘ সময়ের খরা কাটিয়ে হাওড়ায় জয় বামেদের

তার ওপর আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যু বিরোধীদের পথ মসৃণ করে দিয়েছিল। সেই সুযোগকে হাতিয়ার করে লাগাতার আন্দোলনের ফলে জয়লাভ করল বামেরা। যদিও তৃণমূল বিধায়কের মন্তব্য, শাসক দলকে অন্ধকারে রেখে হয়েছে এই নির্বাচন। সরকারে থেকে কেউ ভোটের কথা জানার পরেও মনোনয়ন জমা দেবে এটা হতে পারে না। পুরোটাই গোপনে করা হয়েছে।







