ভোটের আগে জোট রাজনীতিতে বড় ধাক্কার ইঙ্গিত! CPI(M) এবং Indian Secular Front-এর মধ্যে আসন সমঝোতা নিয়ে তৈরি হয়েছে তীব্র টানাপোড়েন। বিতর্কের কেন্দ্রে একটাই নাম—আরাবুল ইসলাম। আর এই ইস্যুতেই স্পষ্ট অবস্থান জানিয়ে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক Mohammad Salim, যা নতুন করে জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে।
আরাবুল ইসলামকে প্রার্থী হিসেবে মানতে নারাজ বাম নেতৃত্ব। সেলিম স্পষ্ট ভাষায় বলেন, “যাঁকে আমরা পরাস্ত করতে চাই, তাঁকেই আবার দলে টেনে নেওয়া সুস্থ রাজনীতির উদাহরণ হতে পারে না।” তাঁর এই মন্তব্যে কার্যত পরিষ্কার—নীতিগত প্রশ্নে কোনও আপস করতে রাজি নয় বামফ্রন্ট।
একই সঙ্গে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধেও তোপ দেগেছেন সেলিম। তাঁর অভিযোগ, গত ১৫ বছরে রাজ্যে হিংসা ও সন্ত্রাসের রাজনীতি চালানো হয়েছে, এমনকী আইএসএফ কর্মীরাও তার শিকার। তাই নির্বাচনের মুখে দলবদল করে রাজনৈতিক স্বচ্ছতা আসবে—এমন ধারণাকে সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি।
সহযোগী দলগুলির উদ্দেশে বার্তা দিতে গিয়ে সেলিম বলেন, “রাজনীতির জঞ্জাল এক জায়গা থেকে অন্য জায়গায় সরালেই তা পরিষ্কার হয় না। আমরা কোনও ‘রিসাইকেল বিন’ নই।” তৃণমূল ও বিজেপিকে কটাক্ষ করে তিনি আরও বলেন, “ওদের মতো কোনও ‘ওয়াশিং মেশিন’ রাজনীতি আমরা করি না।”
এদিকে, এখনও পর্যন্ত ২৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ। অন্যদিকে বামফ্রন্ট ইতিমধ্যে ২৪৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং চতুর্থ দফায় আরও ৭টি কেন্দ্রে নাম প্রকাশ করেছে। তবে বেশ কিছু আসনে সমঝোতা থাকা সত্ত্বেও দুই পক্ষের মধ্যে সংঘাত স্পষ্ট।
তবে সমস্ত জল্পনার মাঝেও আশাবাদী সেলিম। তাঁর কথায়, “আমরা অনেক দূর এগিয়েছি। বৃহত্তর ঐক্যের চেষ্টা চালিয়ে যাব। ঐক্য হবেই।” যদিও বাস্তবে সেই ঐক্য কতটা সম্ভব, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে রাজনৈতিক মহলে।



