১৮ ফেব্রুয়ারির মধ্যেই বামফ্রন্টের আসন রফা! আইএসএফের সঙ্গে জোটের ইঙ্গিত সেলিমের

১৮ ফেব্রুয়ারির মধ্যেই বামফ্রন্টের শরিকদের মধ্যে আসন রফা চূড়ান্ত হবে, আইএসএফের সঙ্গে জোট নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে—বহরমপুরে জানালেন মহম্মদ সেলিম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিধানসভা ভোটের আগে জোট সমীকরণে গতি আনছে বামফ্রন্ট। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যেই শরিক দলগুলির মধ্যে আসন রফা চূড়ান্ত হয়ে যাবে। পাশাপাশি তাঁর ইঙ্গিত, ২০২১ সালের মতো এবারও আইএসএফ-এর সঙ্গেই জোট বেঁধে ভোটের ময়দানে নামতে পারে বামফ্রন্ট।

বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেলিম বলেন, “আরএসপি-র সঙ্গে আজও আমাদের আলোচনা চলছে। ১৮ তারিখের মধ্যে বামফ্রন্টের আসন রফা চূড়ান্ত হয়ে যাবে। তার দু’এক দিনের মধ্যেই সিপিআই(এম)-লিবারেশন-সহ অন্যান্য বামপন্থী দলগুলির সঙ্গেও আলোচনা শেষ হবে।”

আইএসএফ-এর সঙ্গে জোট প্রসঙ্গেও স্পষ্ট বার্তা দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক। তাঁর কথায়, “আইএসএফ-এর সঙ্গে আমাদের দু’-তিন দফা বৈঠক হয়েছে। ওদের সঙ্গেও আলোচনা অনেক দূর এগিয়েছে। ৫-৬টি আসন নিয়ে শরিকদের সঙ্গে কথা চলছে। তার পরেই বিষয়টি চূড়ান্ত হবে।”

কয়েক দিন আগে জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করলেও, তাঁর দলের সঙ্গে কোনও সমঝোতায় যাচ্ছে না সিপিএম—এ কথাও স্পষ্ট করে দিয়েছেন সেলিম। তিনি জানিয়েছেন, সেই বৈঠককে রাজনৈতিক জোটের ইঙ্গিত হিসেবে দেখা ঠিক নয়।

এদিকে, আসন্ন নির্বাচনে মহম্মদ সেলিম নিজে মুর্শিদাবাদের জলঙ্গি কেন্দ্র থেকে প্রার্থী হবেন কি না, তা নিয়েও দলের অন্দরে জল্পনা শুরু হয়েছে। যদিও এ দিন সে বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি তিনি। সেলিম বলেন, “জলঙ্গিতে প্রার্থী হলে তো জলঙ্গিতেই থাকতাম, বহরমপুরে আসতাম না। গোটা রাজ্য বামফ্রন্টকে চাইছে।”

প্রার্থী তালিকা প্রসঙ্গে তাঁর মন্তব্য, অভিজ্ঞদের পাশাপাশি এবার তরুণ মুখকেও গুরুত্ব দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন