বিগত নির্বাচনগুলির মতো এবারের লোকসভা নির্বাচনেও আসন সমঝোতা করে লড়াইয়ে নামছে বামফ্রন্ট ও কংগ্রেস। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার ও রায়গঞ্জ লোকসভা কেন্দ্র নিয়ে ইতিমধ্যেই আসন সমঝোতা শেষ হয়েছে দুই শিবিরের মধ্যে। ওই তিন আসন নিয়ে দুই শিবিরের নেতৃত্বরা একাধিকবার বৈঠকেও বসেছেন।



যার মধ্যে দার্জিলিং লোকসভা আসনটি কংগ্রেসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট। ইতিমধ্যে বামফ্রন্ট কোচবিহার, জলপাইগুড়ি ও বালুরঘাট আসনে প্রার্থী ঘোষণা করেছে। দার্জিলিং, আলিপুরদুয়ার ও রায়গঞ্জ আসন কংগ্রেস দাবি করে বসায় জট পাকে। সম্ভাবনা মতোই আলিপুরদুয়ার আসনে আরএসপি প্রার্থী মিলি ওঁরাওয়ের নাম জানিয়ে দিয়েছে বামফ্রন্ট।



ঝুলে ছিল দার্জিলিং আসন। সেটাও রবিবার রাতের বৈঠকে চূড়ান্ত হয়ে বলে বামফ্রন্ট সূত্রে খবর। দার্জিলিং জেলা সিপিএম সম্পাদক সমন পাঠক বলেন, “আর কোনও সমস্যা নেই। কংগ্রেসের সঙ্গে আসন রফার চূড়ান্ত আলোচনা হয়েছে। আমরা কংগ্রেসকে আসনটি ছেড়ে দিয়েছি। মঙ্গলবার প্রার্থীর নাম ঘোষণা হবে।”
বাম-কংগ্রেস আসন সমঝোতা সম্পূর্ণ, দার্জিলিং আসনটি কংগ্রেসকে ছাড়ছে বামফ্রন্ট

এই বিষয়ে দার্জিলিং জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অলোকেশ চক্রবর্তী বলেন, “আমাদের সঙ্গে বামফ্রন্টের একাধিকবার বৈঠক হয়েছে । যার মধ্যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি আসন নিয়ে আলোচনা হয়েছে । দার্জিলিং, আলিপুরদুয়ার ও রায়গঞ্জ নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত হয়েছে । তবে দার্জিলিং লোকসভা আসনটি কংগ্রেস লড়বে । বামফ্রন্ট সেই আসন ছেড়ে দিয়েছে কংগ্রেসকে ।







