নজরবন্দি ব্যুরো: অভিনেত্রী তথা সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। তিনি নাকি মঙ্গলবার রাতে দলবল নিয়ে নিয়ে গণনাকেন্দ্রে ঢুকে বিরোধী দলের প্রার্থী এবং এজেন্টদের মারধর করেছেন। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন লাভলি মৈত্র।
আরও পড়ুন: ২০১৮-এর তুলনায় তিনগুণ আসনে জয়ী বামফ্রন্ট, পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সাফল্য বাম কংগ্রেসের


লাভলি মৈত্র জানিয়েছেন, তিনি লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভোটার। সেই কারণেই তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন। মূলত বাম ও বিজেপি কর্মী সমর্থকেরাই লাভলির বিরুদ্ধে মারধর ও গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ এনেছেন। ঠিক কী বলেছেন লাভলি?

লাভলির কথায়, ‘বিরোধীরা জানে ওদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। গণতান্ত্রিক ভাবে ওরা কখনওই জিততে পারবে না। তাই সকাল থেকেই এ সব অভিযোগ করছে। আমি পঞ্চায়েত সমিতির এজেন্ট হিসাবে গণনাকেন্দ্রের ভিতর ঢুকেছিলাম। বিরোধীদের সব অভিযোগ ভিত্তিহীন। এখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ২৪ ঘণ্টা তারা উপস্থিত ছিল। আমরা সঠিক পদ্ধতিতে জিতেছি’।



অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগণা পূর্বের সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উত্তম কর অভিযোগ করেছেন, বিজেপি প্রার্থীদের জিতলেও সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। এবং, লাভলি মৈত্র নাকি সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছেন বলেও চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন তিনি। একই অভিযোগ বাম কর্মীদেরও। কিন্তু সব অভিযোগ অস্বীকার করে লাভলি তৃণমূলের এই ব্যাপক জয়ের জন্য মানুষ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন।
গণনাকেন্দ্রে ঢুকে বিরোধীদের মারধর, অভিনেত্রী বিধায়ক লাভলির বিরুদ্ধে অভিযোগ গুরুতর!








