ভারতের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন জঙ্গি হামলার আশঙ্কা ঘিরে বাড়ছে উদ্বেগ। গোয়েন্দা সূত্রের দাবি, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা দেশের একাধিক মন্দির ও দিল্লির লালকেল্লাকে নিশানা করে বিস্ফোরণের ছক কষছে। পাকিস্তানের ইসলামাবাদে সাম্প্রতিক মসজিদ বিস্ফোরণের ‘প্রতিশোধ’ নেওয়ার লক্ষ্যেই এই পরিকল্পনা করা হচ্ছে বলে নিরাপত্তা মহলের আশঙ্কা।
সূত্রের খবর, সম্ভাব্য টার্গেট তালিকায় রয়েছে দিল্লির লালকেল্লা এবং চাঁদনি চকের একটি মন্দির-সহ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। গত বছরের ৯ নভেম্বর লালকেল্লার সামনে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে ১২ জনের মৃত্যু এবং অন্তত ২৪ জন আহত হওয়ার ঘটনার পর থেকেই রাজধানীতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।


সম্প্রতি রাষ্ট্রসংঘের সন্ত্রাসবিরোধী পর্যবেক্ষণ দলের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ওই বিস্ফোরণের নেপথ্যে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের যোগ ছিল। রিপোর্টে আরও বলা হয়, সংগঠনটি নতুন করে একটি ‘মহিলা ব্রিগেড’ গঠন করেছে, যা ভবিষ্যতের সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
এর মধ্যেই ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত এবং ১৬০ জনের বেশি আহত হন। নিরাপত্তা বাহিনীর দাবি, হামলাকারী মসজিদের ভিতরে ঢোকার আগেই আটকানো হলেও বিস্ফোরণ রোখা যায়নি। ঘটনাস্থলের ভিডিওতে আগুনে দগ্ধ দেহ ও ধ্বংসস্তূপের ছবি সামনে আসে, যা ঘটনার ভয়াবহতা স্পষ্ট করে।
এর আগে গত নভেম্বরেও ইসলামাবাদের আদালত চত্বরে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছিল আইএস। একাধিক হামলার পরবর্তী পরিস্থিতিকে কেন্দ্র করেই লস্কর ভারতে ‘বদলা’ নেওয়ার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা সূত্রের দাবি।


এই সম্ভাব্য হুমকির প্রেক্ষিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা সংস্থাগুলি পরিস্থিতির উপর নজর রাখছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।









