কুণাল ঘোষের এক্স হ্যান্ডেল থেকে গতকাল রাতে একটি বিস্ফোরক পোষ্ট করা হয়। তখনই বোঝা যাচ্ছিল কিছু একটা চলছে দলের অন্দরে। শুক্রবার সকালে দেখা গেল সেই পোষ্টটি উধাও হয়ে গিয়েছে। এমনকি এক্স হ্যান্ডেলের বায়ো থেকে রাজনীতিবিদ ও তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের পরিচয়ও মুছে দেন তিনি। এখন তার পরিচয় শুধুই সাংবাদিক ও সমাজকর্মী। এই নিয়ে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। কেন এমন করল কুণাল?



আরও পড়ুন : জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিলেন কৌস্তভ
এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ পোস্ট করেছিলেন, ‘নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর। সারা বছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক, তৃণমূল দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না।’ এই পোস্টে কুণাল কারও নাম করেননি। অনেকের ব্যাখ্যা এই পোস্ট সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। যদিও সত্যতা জানা যায়নি।



কুণাল ঘনিষ্ঠরা বলছেন, ‘গত একসপ্তাহে কুণালের কানে বেশ কিছু কথা এসেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় কিছু কথা বলে বেড়াচ্ছেন। দাদা চুপ করে থাকবেন না’। কিন্তু লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) আগে এই নিয়ে অস্বস্তিতে তৃণমূল। বৃহস্পতিবার রাতের পোস্ট নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে দলের অন্দরে। হতেই পারে দলের অন্দরে এমন কিছু কথা হয়েছে যা নিয়ে অভিমান করে নিজের এক্স হ্যান্ডেল থেকে দলের পরিচয়ই মুছে দিয়েছেন কুণাল ঘোষ।

কুণাল ঘোষ মুছলেন রাজনীতিবিদ পরিচয়, অভিমানের জের!
কুণাল বরাবরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আস্থাভাজন বলে পরিচিত। সেখানে এমন ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার উপর আজ সকাল থেকে কুণাল ঘোষের (Kunal Ghosh) ফোনটি বন্ধ রয়েছে। সুতরাং যোগাযোগের রাস্তা নেই। দলের মুখপাত্রের পাশাপাশি কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের পদেও আছেন। এখন দেখার এইসব পদও তিনি ছেড়ে দেন কি না।







