সিপিআইএমের মুখপত্রে উৎসবে ফেরার আহ্বান, বামেদের ‘দ্বিচারিতা’ ফাঁস করলেন কুণাল

গণশক্তির সম্পাদক শমীক লাহিড়ি কুণাল ঘোষকে কটাক্ষ করে এক ডিজিটাল সংবাদমাধ্যমকে বলেছেন, "কুণালবাবু খবরের কাগজের নিয়মকানুন জানেন। তা সত্ত্বেও প্রচারের আলোয় থাকতে এই ধরনের বিভ্রান্তিমূলক কথা বলছেন।"

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ‘উৎসবে ফিরছি না’ এই ডাক দেন জুনিয়র চিকিৎসকেরা। দেওয়ালে দেওয়ালে, রাস্তায় লেখা হয় সেই স্লোগান। সেই বক্তব্যকে সমর্থন করে নাগরিক সমাজ এবং সিপিআইএম দল। এদিকে শনিবার বামেদের মুখপত্র গণশক্তিতে পুজোর জ্যাকেট বিজ্ঞাপন! আর তার ট্যাগলাইন, ‘দুর্গাপুজো উদযাপন করুন, গৌরবের সাথে।’ এই বিষয়টি নিয়ে সিপিআইএম-কে চরম কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

কুণাল সমাজমাধ্যমে লিখেছেন, “দুর্গা পুজো উদযাপন করুন গৌরবের সাথে। আজ সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’র প্রথম পাতার জ্যাকেট বিজ্ঞাপন। ফেসবুকে বিপ্লব – পুজো নয়, উৎসব নয়। আর টাকা পেলে উল্টো শ্লোগান কাগজে। কমরেড, এটা পার্টির কাগজ, বাণিজ্যিক নয়। টাকার জন্য আত্মাকে বিক্রি করা যায় না। কমরেড, এবার পুজোয় এই জুতো পরে উৎসবে সামিল হোন। ‘গণশক্তি’ টাকা নিয়ে শ্লোগান ঠিক করে দিয়েছে। আর বাধা নেই। এই বামেদের চিনে নিন। মানুষকে আবেগ দিয়ে প্ররোচনা দেবে, আর টাকা নিয়ে কাগজের প্রথম পাতায় পার্টি লাইনের উল্টো শ্লোগান প্রমোট করবে। দ্বিচারিতা একেই বলে।”

Shamim Ahamed Ads

একইসঙ্গে একটি সংবাদমাধ্যমে ভিডিয়ো বার্তা দিয়েছেন কুণাল ঘোষ। সেখানে তিনি বলেছেন, “সিপিআইএম যারা পুজোতে বিশ্বাস করে না, কিন্তু মণ্ডপের পাশে বইয়ের স্টল দেয়। কেন এই দ্বিচারিতা? আর এবার তাঁরা নিজেদের মুখপত্রে জ্যাকেট বিজ্ঞাপন দিয়েছে! পুরোটাই টাকার জন্য। এটা তো বাজারী কাগজ নয়। পার্টির কাগজ। এখানে এসব কেন? আপনারা এত বড় বড় কথা বলেন, উৎসবের সঙ্গে হাজার হাজার মানুষের রুটি রোজগার জড়িত থাকে। আপনারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে বলছেন উৎসবে ফিরবেন না। এদিকে নিজেরা টাকা নিয়ে উৎসবে ফেরার বিজ্ঞাপন ছাপাচ্ছেন!”

পাল্টা গণশক্তির সম্পাদক শমীক লাহিড়ি কুণাল ঘোষকে কটাক্ষ করে এক ডিজিটাল সংবাদমাধ্যমকে বলেছেন, “কুণালবাবু সংবাদজগতের লোক। উনি খবরের কাগজের নিয়মকানুন জানেন। তা সত্ত্বেও প্রচারের আলোয় থাকতে এই ধরনের বিভ্রান্তিমূলক কথা বলছেন।” উল্লেখ্য, বিজ্ঞাপনটি একটি জুতো তৈরি সংস্থার। অভিতাভ বচ্চন বিজ্ঞাপনটিতে কাজ করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত