জেসিবি নিয়ে মিছিলে কড়া নিষেধ, মালিকদের বিরুদ্ধেও অ্যাকশন: হুঁশিয়ারি সিপি অজয় নন্দের

ভোট-পরবর্তী পরিস্থিতিতে কলকাতা পুলিশের কড়া বার্তা। জেসিবি নিয়ে মিছিল নিষিদ্ধ, ভাড়া দিলে মালিকদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোট-পরবর্তী পরিস্থিতিতে কলকাতায় আইনশৃঙ্খলা বজায় রাখতে এবার কড়া অবস্থান নিল লালবাজার। বিজয়মিছিল ঘিরে কোনওরকম শক্তিপ্রদর্শন বা আতঙ্ক তৈরির চেষ্টা বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। বিশেষ করে জেসিবি নিয়ে মিছিলের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছেন তিনি। শুধু অংশগ্রহণকারীরাই নন, জেসিবি ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিপি।

লালবাজারে সাংবাদিক বৈঠকে অজয় নন্দ বলেন, “ভোট শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে। এখন সেই শান্তি বজায় রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” তিনি নাগরিকদের গুজবে কান না দেওয়ার আবেদন জানান এবং কোনও সমস্যা হলে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

পুলিশ কমিশনার জানান, শহরে বর্তমানে ৬৫ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং কোথাও হিংসা বা ভয়ভীতি তৈরির চেষ্টা হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি স্পষ্ট করে দেন, বিজয়মিছিল করতে হলে আগাম পুলিশের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। অনুমতি ছাড়া কোনও মিছিল বা জমায়েত বরদাস্ত করা হবে না।

সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে, জেসিবি ব্যবহার করে মিছিল করার প্রবণতার বিরুদ্ধে কড়া অবস্থান নেয় কলকাতা পুলিশ। সিপি জানান, “জেসিবি নিয়ে মিছিল করা যাবে না।” পাশাপাশি তিনি বলেন, যাঁরা এই ধরনের যানবাহন ভাড়া দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিন পুলিশি ভূমিকা নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন অজয় নন্দ। তিনি জানান, কোথাও পুলিশের কর্তব্যে গাফিলতি ধরা পড়লে বিভাগীয় স্তরে কড়া পদক্ষেপ করা হবে। অর্থাৎ শুধু সাধারণ নাগরিক নয়, পুলিশকর্মীদের ভূমিকাও নজরে রাখা হচ্ছে।

কলকাতা পুলিশের দাবি, ইতিমধ্যেই ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং একাধিক অস্ত্র উদ্ধার হয়েছে। ভোট-পরবর্তী অশান্তি রুখতে শহরে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলেও জানান সিপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত