নজরবন্দি ব্যুরোঃ আজ থেকে আগামী ১৫ দিন রাজ্যে জারি থাকবে লকডাউন। লকডাউনের প্রথম দিনেই নিখোঁজ এক ব্যবসায়ী। নাম শ্রবণকুমার বিড়লা। বয়স ৬৬ বছর। কড়েয়া এলাকার বাসিন্দা নিখোঁজ ব্যবসায়ী। জানা গিয়েছে, মাত্র কয়েকদিন আগেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ওই ব্যবসায়ী। এদিন সকাল থেকে তার কোনও খোঁজ মিলছে না। আজ সকালে দ্বিতীয় হুগলী সেতুর উপর একটি গাড়িকে দীর্ঘক্ষ্ণ একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ।
পরে লক্ষ্য করা যায় গাড়ির দরজা খোলা, ঝুলছে চাবি। কিন্তু পাত্তা নেই শ্রবণকুমারের। পুলিশ তাঁর খোঁজ চালায়। কিন্তু গাড়ী দাড় করিয়ে কোথায় গেছেন ওই ব্যবসায়ী তা জানা যায়নি। আশঙ্কা করা হচ্ছে, হয়তো গঙ্গায় ঝাঁপ দিয়েছেন ওই ব্যক্তি। এই আশঙ্কার জেরেই ইতিমধ্যেই গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
পরিবার তরফে জানা গেছে, করোনা আক্রান্ত হয়েছিলেন শ্রবণকুমার। সম্প্রতি সুস্থ হয়ে উঠেছিলেন। পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে নদীতে ঝাঁপ দিয়ে থাকতে পারেন ৬৬ বছরের ওই ব্যবসায়ী। পরিবার সূত্রের জানা গেছে, প্রতিদিন সকালে সাইকেল নিয়ে ঘুরতে বেরোতেন শ্রবণকুমার বিড়লা। কিন্তু আজ হঠাৎই তিনি গাড়ি নিয়ে বেরোন।
ঘটনার তদন্ত করছে পুলিশ। ওই ব্যবসায়ী নিখোঁজ নাকি আত্মহত্যা করেছেন তা জানার চেষ্টা করা হচ্ছে। এবং তাঁর বাড়ি থেকে দ্বিতীয় হুগলি সেতু পর্যন্ত সমস্ত এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।



