বিধানসভা ভোটে ধাক্কার পর এবার কলকাতা পুরসভা নিয়েও চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের উপর। কলকাতার একাধিক আসনে বিজেপির এগিয়ে থাকা এবং মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফা জল্পনার আবহে দলীয় কাউন্সিলরদের জরুরি বৈঠকে ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে এই বৈঠককে ঘিরে জল্পনা তুঙ্গে।
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ফলাফল তৃণমূলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। যে কলকাতা দীর্ঘদিন দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, সেখানে একাধিক আসনে ফল প্রত্যাশামতো হয়নি। রাজনৈতিক সমীকরণের সেই পরিবর্তনের প্রভাব এখন কলকাতা পুরসভার অন্দরে পড়ছে বলেই জোর আলোচনা।


সূত্রের দাবি, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ এলাকাতেই সাম্প্রতিক ভোটের হিসাবে বিজেপি এগিয়ে রয়েছে। যদিও পুরসভা এখনও প্রশাসনিকভাবে তৃণমূলের নিয়ন্ত্রণে, তবুও সাম্প্রতিক কয়েকটি ঘটনায় দলীয় অস্বস্তি বেড়েছে।
মেয়র ফিরহাদ হাকিমকে ঘিরেও রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, তিনি মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা দলীয় নেতৃত্বকে জানিয়েছেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা সামনে আসেনি।
এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার বিকেল ৪টেয় কালীঘাটের বাড়িতে দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।


উল্লেখযোগ্যভাবে, শুক্রবার পুরসভার নির্ধারিত অধিবেশন হওয়ার কথা থাকলেও তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। এরপরই কাউন্সিলর বৈঠকের ঘোষণা রাজনৈতিক জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
বর্তমানে পুরসভায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা বিপুল হলেও, তাঁদের একাংশ নিজেদের এলাকায় সাম্প্রতিক নির্বাচনে পিছিয়ে পড়েছেন বলে দলীয় অন্দরে আলোচনা রয়েছে। ফলে সংগঠনকে ধরে রাখা এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণ এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
আগামী ডিসেম্বর নাগাদ কলকাতা পুরসভার নির্বাচন হওয়ার কথা। তবে আইন অনুযায়ী প্রয়োজন হলে ভোটের সময়সূচিতে পরিবর্তন আনা সম্ভব। সেই কারণেই মেয়র পদ নিয়ে জল্পনা এবং প্রশাসনিক ভবিষ্যৎ— দুই বিষয়ই এখন নজরে।



