কলকাতা পুরসভায় তালাবন্দি অধিবেশন কক্ষ, বাইরে বসেই সভা করলেন মালা-ফিরহাদরা

অধিবেশন কক্ষে তালা থাকায় কলকাতা পুরসভায় বাইরে বসেই সভা করলেন মালা রায় ও ফিরহাদ হাকিম। ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতা পুরসভা শুক্রবার দেখল এক নজিরবিহীন রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েন। মাসিক অধিবেশনের দিন কাউন্সিলররা এসে দেখলেন, অধিবেশন কক্ষে ঝুলছে তালা। ভিতরে ঢুকতে না পেরে চেয়ারপার্সন মালা রায়ের নেতৃত্বে বাইরে ক্লাব রুমেই বসানো হল সভা। ঘটনাকে ঘিরে সরগরম শহরের রাজনৈতিক মহল।

অধিবেশন কক্ষে তালা থাকায় তৃণমূল কাউন্সিলরদের একাংশ ক্ষোভ উগরে দেন। উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, প্রাক্তন মেয়র পরিষদ সদস্য ও অন্যান্য কাউন্সিলররাও।

- Advertisement -

তৃণমূলের অভিযোগ, নির্ধারিত সময়েই পুরসভার মাসিক অধিবেশন হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী চেয়ারপার্সন মালা রায় আগেই অধিবেশন কক্ষ খুলে দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা খোলা হয়নি।

অভিযোগ উঠেছে, নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব জানান তিনি এখনও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেননি, তাই চাবি দিতে পারবেন না। এরপরই বাধ্য হয়ে কাউন্সিলরস ক্লাব রুমে বিকল্প সভার আয়োজন করা হয়।

তবে সেই ঘরে অধিবেশনের মতো পরিকাঠামো ছিল না। কাউন্সিলরদেরই চেয়ার-টেবিল সরিয়ে ঘর তৈরি করতে হয়। প্রথমদিকে মাইকের ব্যবস্থাও ছিল না। পরে একটি মাইক এনে বক্তব্য রাখেন মেয়র ফিরহাদ হাকিম।

ফিরহাদ বলেন, “হাউস খোলা ও বন্ধ করার দায়িত্ব চেয়ারপার্সনের। আজ যা হয়েছে, তা অত্যন্ত অপমানজনক। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রতিনিধিদের কাজ আটকে দেওয়া হচ্ছে।”

- Advertisement -

তিনি আরও প্রশ্ন তোলেন, বর্ষার সময় শহরে জল জমা বা কোনও বিপর্যয় হলে তার দায় কে নেবে? নির্বাচিত প্রতিনিধিদের উপেক্ষা করলে সাংবিধানিক সঙ্কট তৈরি হতে পারে বলেও সতর্ক করেন মেয়র।

চেয়ারপার্সন মালা রায় সাংবাদিকদের বলেন, অধিবেশন করার জন্য ঘর খোলার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তালা না খোলায় বিকল্প জায়গায় সভা করার সিদ্ধান্ত নিতে হয়েছে।

তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তীও ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজ্যে সরকার পরিবর্তন হলেও কলকাতা পুরসভা এখনও বৈধ এবং ডিসেম্বর পর্যন্ত তাদের মেয়াদ রয়েছে। সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আলোচনা বন্ধ করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিজেপি সরকার গঠন করলেও কলকাতা পুরসভা এখনও তৃণমূলের নিয়ন্ত্রণেই রয়েছে। রাজনৈতিক মহলের মতে, সেই ক্ষমতার সংঘাতই এবার প্রশাসনিক স্তরেও প্রকাশ্যে চলে এল।

এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতার পুর প্রশাসন ও রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যদিও পুরো বিতর্ক নিয়ে বিজেপির তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর