ভোররাতে গুলির লড়াইয়ে কাঁপল কাশ্মীর, সেনার এনকাউন্টারে নিহত ৫ জঙ্গি, আহত ২ জওয়ান

কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সফল অভিযান, চলছে জঙ্গি তল্লাশি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় কাকভোরে ঘটে গেল রুদ্ধশ্বাস এনকাউন্টার। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে পাঁচ জঙ্গি। ঘটনায় আহত হয়েছেন দুই জওয়ান। গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চলছে, কারণ কিছু জঙ্গি এখনও পালিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার কুলগামের কাদ্দের এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর মেলে গোয়েন্দা সূত্রে। ভারতীয় সেনা এবং কাশ্মীর পুলিশ যৌথভাবে অভিযান চালায়। সন্দেহজনক এলাকায় তল্লাশি চলাকালীন জঙ্গিদের গতিবিধি নজরে এলে সংঘর্ষ শুরু হয়। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় পাঁচ জঙ্গি নিহত হয়।

নিহত জঙ্গিদের দেহ উদ্ধার করা হয়েছে। তবে কিছু জঙ্গি সংঘর্ষস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের খুঁজে বের করতে অভিযান জারি রয়েছে। আহত দুই জওয়ানের চিকিৎসা চলছে, এবং তারা আপাতত বিপন্মুক্ত।

এর আগে কিস্তওয়ার জেলার ভার্ট রিজ এলাকায় সংঘর্ষে শহিদ হয়েছিলেন ২ প্যারা স্পেশাল ফোর্সের জওয়ান। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযানে গিয়ে চার জওয়ান গুলিবিদ্ধ হন।

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বিলোপের পর থেকেই উপত্যকায় উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে জঙ্গি সংগঠনগুলো। পাকিস্তানের সক্রিয় সমর্থনে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার চেষ্টা চলছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, নিয়ন্ত্রণরেখা বরাবর সন্ত্রাসবাদী লঞ্চপ্যাডগুলোতে জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তইবার মতো জঙ্গি সংগঠনগুলো সক্রিয়।

এই ঘটনা জম্মু ও কাশ্মীরে চলমান নিরাপত্তা পরিস্থিতির একটি বড় উদাহরণ। দেশের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর এই ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন