পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া। নাম ভুলে যাননি নিশ্চয়। সেই কানেরিয়া যাকে পাক দলে বারবার হেনস্থার স্বীকার হতে হয়েছিল শুধু মাত্র হিন্দু বলে। পাক মুসলিম ক্রিকেটারদের সঙ্গে একই ড্রেসিংরুমে থাকলেও তাঁকে থাকতে হয়েছে অচ্ছ্যুতের মতো। যাকে বারবার মুসলিম হবার জন্য চাপ দেওয়া হত বলে অভিযোগ। সেই দানিশ কানেরিয়া এবার বাংলাদেশের হিন্দুদের নিয়ে শঙ্কিত।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাঁর কাতর আর্জি, বাংলাদেশের হিন্দুদের বাঁচান। গত সোমবার বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটেছে। আর তার পরেই তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। এখন তিনি আছেন দিল্লির সেফ হাউসে। আর তিনি দেশ ছাড়ার পরেই ফের রক্তাক্ত হয়ে উঠেছে বাংলাদেশ।
আক্রমণ শুরু হয়েছে সংখ্যালঘু হিন্দুদের উপর। খুন করা হচ্ছে, বাড়িতে আগুন লাগানো হচ্ছে। রাতের অন্ধকারে হামলা চালান হয় মন্দির-ইসকনে। শুধু তাই নয় ভাঙচুরের পর চালানো হয় লুটপাট। রাতের অন্ধকারে মেহেরপুরে ইসকন সেন্টারে চালানো হয় হামলা। পাশাপাশি খিলগাঁও-য়ে ভাঙচুর চালানো হয় মন্দিরে। মারধর করা হয় হিন্দুদের।
সব মিলিয়ে বাংলাদেশে থাকা হিন্দুরা ভয়ে কুঁকড়ে রয়েছেন। আর এইসব দেখেই কানেরিয়ার আর্জি মোদীর কাছে, বাংলাদেশের হিংসা রুখুন। হিন্দুদের ব্যাপারে আপনি দ্রুত হস্তক্ষেপ করুন এবং বাংলাদেশের হিন্দুদের বাঁচান। নিজের সোশ্যাল মিডিয়াতে কানেরিয়া লিখেছেন “আমাদের ভাইয়েদের এভাবে জঙ্গিদের হাতে মরতে দেওয়া যায় না।”



