বুকে ব্যথা, কোর্টে যেতে পারলেন না ‘কালীঘাটের কাকু’, সিবিআই হেফাজতে সন্তু ও শান্তনু

নিয়োগ দুর্নীতি মামলায় ‘কালীঘাটের কাকু’র সশরীরে হাজিরার নির্দেশ ২৮ এ, সন্তু ও শান্তনুকে ৪ দিনের সিবিআই হেফাজতে পাঠাল আদালত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি হেফাজতে থাকা সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ মঙ্গলবার সিবিআই আদালতে হাজিরা দিতে পারেননি। বুকে ব্যথার কারনে তাঁকে সশরীরে হাজির করা সম্ভব হয়নি। আদালত জানিয়েছে, ভার্চুয়াল হাজিরা না নিয়ে তাঁকে সশরীরে আদালতে উপস্থিত করাতে হবে। আগামী ২৮ নভেম্বর সুজয়কৃষ্ণকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, একই মামলায় গ্রেফতার হওয়া হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়কে সিবিআই হেফাজতে নিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ২৯ নভেম্বর পর্যন্ত তাঁরা সিবিআই হেফাজতে থাকবেন।

সিবিআইয়ের তদন্তের নতুন মোড়
সিবিআই দাবি করেছে, সুজয়কৃষ্ণ নিয়োগ দুর্নীতির অন্যতম মূলচক্রী। ইডির মাধ্যমে গ্রেফতার হওয়ার পর থেকে তিনি জেলবন্দি। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়নি। সিবিআই জানিয়েছে, সুজয়কৃষ্ণের বিরুদ্ধে আরও তথ্য প্রমাণ সংগ্রহের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

অন্য দিকে, সন্তু গঙ্গোপাধ্যায়কে নিয়ে সিবিআই জানিয়েছে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে তিনি বড় ভূমিকা পালন করেছেন। তদন্তে উঠে এসেছে, তিনি চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তুলতেন এবং পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন।

শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সিবিআই আদালতে দাবি করেছে, চাকরিপ্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছেন তিনি। শান্তনুর আইনজীবীর দাবি, শান্তনু প্রভাবশালী নন এবং এতদিন ধরে তদন্ত চলার পর কেন হঠাৎ গ্রেফতার করা হল, তা পরিষ্কার নয়।

সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থা
২০২৩ সালের মে মাসে গ্রেফতার হওয়ার পর থেকেই ‘কালীঘাটের কাকু’র শারীরিক অবস্থার অবনতি ঘটে। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচারও হয়েছিল। এছাড়া কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছিল।

এবার সিবিআই দাবি করেছে, নতুন কিছু ডিজিটাল তথ্য ও সাক্ষীর বয়ান থেকে সুজয়কৃষ্ণ, শান্তনু এবং সন্তুর বিরুদ্ধে অভিযোগ আরও দৃঢ় হয়েছে। ফলে তাদের হেফাজতে নিয়ে তদন্ত করা প্রয়োজন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত