নজরবন্দি ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনা গোটা রাজ্যে সাড়া ফেলেছে। সব মহল থেকেই প্রতিক্রিয়া সামনে আসছে। নামী এক বিশ্ববিদ্যালয়ের অন্দরে র্যাগিংয়ের অভিযোগ জোরালো হয়ে উঠছে। এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে ইউজিসি। প্রথম রিপোর্টের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো দ্বিতীয় রিপোর্টেও সন্তুষ্ট নয় ইউজিসি। ফের চিঠি পাঠাতে পারে তারা।
আরও পড়ুন: যাদবপুরে মাওবাদী কার্যকলাপের অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ Suvendu Adhikari


ছাত্র মৃত্যুর কয়েকদিনের মাথায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গত সোমবার সেই রিপোর্ট পাঠানো হয়। কিন্তু জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে সন্তুষ্ট নয় ইউজিসি। এরপর দ্বিতীয় রিপোর্ট পাঠানো হলে তা নিয়েও অখুশি তারা। এবার একটি বিস্তারিত ব্যাখ্যা এবং পদক্ষেপ চেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে চিঠি দিচ্ছে ইউজিসি। উজিসির পর্যবেক্ষণ, র্যাগিং খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের এটি নজরে আনা উচিত। ইউজিসি মনে করে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একটি সুস্থ পরিবেশ দেওয়া উচিত।

ইউজিসির পাঠানো প্রথম রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, ওইদিন ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী কী ব্যবস্থা নিয়েছিল। বলা হয়, বুধবার রাতের ওই ঘটনার পর ছাত্রকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পুলিশ এফআইআর দায়ের করা হয়। কীভাবে পড়ুয়া হস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে গেল, এই ঘটনার পিছনে কারা রয়েছে, তা জানতে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই ঘটনার পর নতুন ছাত্রদের হস্টেল থেকে সরিয়ে অন্য একটি হস্টেলে রাখা হয়েছে।



উল্লেখ্য, গত ৯ আগস্ট যাদবপুরের মেন হস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে যান প্রথম বর্ষের বাংলা বিভাগের ছাত্র। পরের দিন ভোরে তার মৃত্যু হয়। পরিবারের তরফে র্যাগিংয়ের অভিযোগ আনা হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় প্রাক্তনী ও পড়ুয়া মিলিয়ে গ্রেফতারির সংখ্যা ১২।
যাদবপুরকাণ্ডে দ্বিতীয় রিপোর্টেও অসন্তুষ্ট ইউজিসি, ফের বিশ্ববিদ্যালয়কে চিঠি








