নজরবন্দি ব্যুরো: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর স্লোগান ‘মহব্বত কি দুকান’ নিয়ে কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। একইসঙ্গে কংগ্রেস নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ এনেছেন বিজেপি নেতা। সোমবার মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে একটি কর্মসূচিতে যোগ দেন জেপি নাড্ডা।
আরও পড়ুন: পঞ্চায়েত আবহে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, এল নতুন মুখ, বাদ পড়লেন কারা?
কর্মসূচিতে যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি প্রথমেই বিরোধী দলের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ আনেন। তাঁর কথায়, বিরোধী দলগুলি পরিবারের উন্নয়নেই ব্যস্ত, তাঁরা সাধারণ মানুষের কথা ভাবে না। কংগ্রেসকে নিশানায় এনে বলেন, “মোদীজি বিশ্বস্তরে প্রশংসিত হলে কংগ্রেসের সদস্যরা হতাশ হয়ে পড়েন। প্রধানমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে তাঁরা দেশের বিরুদ্ধে চলে গিয়েছে।” বিজেপি নেতা আরও বলেন, “ভারতের গণতন্ত্র বিপদে রয়েছে একথা বলতে রাহুল গান্ধী সুদূর ব্রিটেনে চলে গিয়েছিলেন। তবে তিনি হয়ত ভুলে গিয়েছেন যে তাঁর ঠাকুমার (প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী) জন্য ১৯৭৫ সালে দেশে জরুরী অবস্থা জারি হয়েছিল। এখন তিনি গণতন্ত্র নিয়ে কথা বলছেন।” কংগ্রেসের বিরুদ্ধে নিম্নস্তরের রাজনীতি করার অভিযোগ এনে জেপি নাড্ডা বলেন, “তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসম্মানিত করতে ‘নীচ’, ‘বিচ্ছু’, ‘সাপ’, ‘চাওয়ালা’ শব্দ ব্যবহার করেছে।”

“আপনারা দুঃখিত কারণ মোদীজি ভারতের ১৪০ কোটি জনগণের উন্নয়নের কথা ভেবেছেন। আমি ভেবে অবাক হচ্ছি আপনারা কী করে ‘মহব্বত কি দুকান’ স্লোগান ব্যবহার করতে পারেন যখন আপনারাই ক্রমাগত মোদীজির বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন। আদতে কংগ্রেস ঘৃণার মেগা মল পরিচালনা করছে।

কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি- দেশের বিরোধী দলগুলিকে একযোগে নিশানায় এনে জে পি নাড্ডা বলেন, “একদিকে নরেন্দ্র মোদী দেশের কথা ভাবছেন অন্যদিকে বিরোধী দলগুলি ভাবছে কীভাবে নিজেদের বাঁচানো যায়।” যোগ করেন, “বর্তমানে কেবল ৩ জনকে নিয়ে কংগ্রেস- সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। দলের অন্যান্য নেতারা চুক্তিতে রয়েছেন।
Rahul Gandhi-র ‘মহব্বত কি দুকান’ স্লোগানকে কটাক্ষ, কড়া মন্তব্য জেপি নাড্ডার




