নজরবন্দি ব্যুরো: শুক্রবার থেকে এজবাস্টনে শুরু হয়েছে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ। প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে রানের পাহাড় গড়ল ইংল্যান্ড। দিন শেষে ইংল্যান্ড আট উইকেট হারিয়ে ৩৯৩ রান তুলে ডিক্লেয়ার দিল। দুর্দান্ত শতরান করলেন জো রুট। জবাবে অস্ট্রেলিয়ার রান ১৪ রান। কোনো উইকেট পড়েনি।
আরও পড়ুন: দুর্নীতির আবহে পঞ্চায়েত ভোট, বিরুদ্ধে কতটা লড়াই দেবে অভিষেকের ‘নবজোয়ার’?

অ্যাশেজ সিরিজের শুরুতেই বাজবল তত্ত্ব নিয়ে আলোচনা শুরু শুরু হয় ক্রীড়ামহলে। কী এই বাজবল তত্ত্ব? নিউজিল্যান্ডের প্রাক্তন উইকেটকিপার ব্র্যান্ডন ম্যাকালাম এই তত্ত্বটি নিয়ে এসেছেন। এর অর্থ ভয়ডরহীন ক্রিকেট। টেস্টেও একদিনের ক্রিকেটের মেজাজে খেলা। এখন বলতে কোনো দ্বিধা নেই যে, বাজবল তত্ত্ব আপাতভাবে সফল। শুক্রবার ইংল্যান্ডের ব্যাটিং তাই প্রমাণ করল। জো রুটের মতো ঠাণ্ডা মাথার টেস্ট ব্যাটার একটি অসাধারণ ইনিংস খেললেন। শুধু তাই নয়, এমন সব শট তিনি খেললেন যা আগে কতবার দেখা গিয়েছে তা নিয়ে সন্দেহ আছে। এমনকি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের জোরে বলকে নির্দ্বিধায় রিভার্স সুইপে ছক্কা মারলেন রুট। রুটের পাশাপাশি ইংল্যান্ডের প্রতিটি ব্যাটারের খেলা দেখলেই বোঝা যাবে তাঁরা কত দ্রুত রান তুলতে চেয়েছেন এবং ৪০০ রান যা টেস্টে প্রচুর রানও নয়, তা পূর্ণ হবার আগেই ডিক্লেয়ার দিয়ে দিলেন অধিনায়ক বেন স্টোকস।

ইংল্যান্ডের তরফে জো রুট করেছেন ১৫২ বলে ১১৮ রান। তাঁর ইনিংস সাজানো ছিল ৭ টি চার, ৪ টি ছয়ে। তরুণ তুর্কি জ্যাক ক্রলি করলেন ৭৩ বলে ৬১ রান। জনি বেয়ারস্টো থেমে না থেকে ৭৮ বলে ৭৮ রানের একটি দ্রুত ইনিংস খেলে গেলেন। অলি পোপ ও হ্যারি ব্রুক করলেন যথাক্রমে ৩১ ও ৩২ রান। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল নাথান লিঁও। তাঁর ঝুলিতে ৪ টি উইকেট। প্রত্যাবর্তনের ম্যাচে জস হ্যাজেলউড নিলেন ২ টি উইকেট। স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রিন তুললেন ১ টি করে উইকেট।

প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ৪ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায়। রান হয়েছে ১৪। কোনো উইকেট পড়েনি। ক্রিসে আছেন ডেভিড ওয়ার্নার (৮) ও উসমান খোয়াজা (৪)। ফর্মে থাকা স্টিভ স্মিথ এখন কী করেন সেটাই দেখার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতায় আত্মবিশ্বাসের খামতি নেই অস্ট্রেলিয়ার। গতবারের অ্যাশেজে ইংল্যান্ডকে ৪-০ হোয়াইট ওয়াশ করে অজি বাহিনী। এখন দ্বিতীয় দিনের খেলায় কারা এগিয়ে থাকে সেদিকেই নজর রয়েছে সবার।
দুর্দান্ত শতরান রুটের, বাজবল তত্ত্বে কতটা সফল ইংল্যান্ড?




