নজরবন্দি ব্যুরোঃ পুরপ্রশাসকের পর জেলা সভাপতি পদও হাতছাড়া হল জিতেন্দ্র তিওয়ারির। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন অপূর্ব মুখোপাধ্যায়। ইস্তফাপত্র ফিরিয়ে নেননি বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে জানালেন জিতেন্দ্র।
আরও পড়ুনঃ অ্যালকেমিস্ট তদন্তে ১৫ জনকে তলব ইডি-র


জিতেন্দ্রকে নিয়ে জল্পনা বেড়েছিল আগেই। ডিসেম্বরের শুরু থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল তিনি নাকি বিজেপিতে যোগদান করবেন।কারণ, কিছুদিন আগেই দলের প্রতি ক্ষোভ উগরে ছিলেন তিনি। নজিরবিহীনভাবে আক্রমণ করেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। ফলে, তিনি পদ ছাড়তে পারেন, এই আশঙ্কায় তাঁর একাধিক অনুগামীও ইস্তফা দিয়েছিলেন সেই সময়।
প্রসঙ্গত, এই পরিস্থিতিতেই ১৭ ডিসেম্বর দুপুরে পুরনিগমের মুখোমুখি ভবনে মিনিট পনেরো পুরকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানেই প্রথম তিনি ইস্তফার কথা ঘোষণা করেন। পরে দলও ছাড়েন। সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকও করেন তিনি। এরপরই তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করে এদিন সাংবাদিক সম্মেলন করে তিনি দিদিকে দুঃখ দিতে পারবেন না বলে জানান তিনি। তাই ভোলবদল করে থেকে যান তৃণমূলেই। পাশাপাশি, সমস্যা মিটে গিয়েছে বলেও জানান তিনি। এই টানাপোড়েনর মাঝেই দলের বেশকিছু অনুষ্ঠানেও তাঁকে বিশেষ দেখা যায়নি। তিনি কাজে ফিরলেও পুরপ্রশাসন পদ পাননি। আর এবার খোয়ালেন জেলা সভাপতি পদও।







