বাংলায় ৪২ আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক। অন্যদিকে বিরোধী দল বিজেপি ২০ আসনের প্রার্থীদের নাম প্রকাশ্যে এনেছে। বাকি আসনগুলির জন্য কাদের টিকিট দেওয়া হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই দুই তারকা খেলোয়াড়ের নাম সামনে এসেছে, যাদের প্রার্থী করতে পারে বিজেপি। একজন, মহিলা জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ঝুলন গোস্বামী (Jhulan Goswami), অন্যজন জাতীয় দলের খেলোয়াড় মহম্মদ শামী (Md Shami)।

আরও পড়ুন: আসানসোলে বিজেপি প্রার্থী কৈলাস খের, সুরের জাদুতে ‘খামোশ’ হবে ‘শত্রু’? #EXCLUSIVE
বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় কৃষ্ণনগর (Krishnanagar) এবং বসিরহাট (Basirhat) কেন্দ্রের নাম ছিল না। এই দুই কেন্দ্রেই থাকবে বড় চমক। তৃণমূলের তরফে কৃষ্ণনগরে প্রার্থী করা হয়েছে মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। গেরুয়া শিবিরের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, ভারতের জাতীয় দলের প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীকে মহুয়ার বিরুদ্ধে প্রার্থী করতে পারে বিজেপি। ‘চাকদহ এক্সপ্রেস’ ঝুলন গোস্বামীর (Chakda ‘Xpress Jhulan Goswmai) রাজনীতির ময়দানে আসার জল্পনা শুরু হয়েছিল। তিনি বাংলার মেয়ে, পাশাপাশি জাতীয় দলের খেলোয়াড় ছিলেন, তাঁর জনপ্রিয়তা বিশাল। তবে কী প্রাক্তন ক্রিকেটারকে ‘তুরুপের তাস’ হিসেবে ব্যবহার করতে চাইছে বিজেপি? টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগে লোকসভার সাংসদ পদ খুইয়েছেন মহুয়া মৈত্র। তবুও তাঁকেই ভরসা করছে শাসক দল। বলা যায়, এই নির্বাচন কার্যত প্রেস্টিজ ফাইট হতে চলেছে মহুয়ার জন্য।

বসিরহাট কেন্দ্রের বর্তমান তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। সন্দেশখালিকাণ্ডের পর তাঁকে ঘিরে বিতর্ক আরও বেড়ে যায়। এলাকার সাংসদ হয়েও একবারও তাঁকে পাশে পাননি সন্দেশখালির মানুষ, এই অভিযোগ উঠেছিল। তাঁকে আবার টিকিট দেওয়া হবে কি না সেনিয়ে সংশয় ছিল। আসন্ন নির্বাচনে নুসরতকে সরিয়ে এই কেন্দ্র থেকে হাজি নুরুল ইসলামকে প্রার্থী করেন মমতা-অভিষেক। বিজেপি বসিরহাট কেন্দ্র থেকে মহম্মদ শামীকে টিকিট দিতে পারে বিজেপি। জানা যাচ্ছে, মহম্মদ শামির সঙ্গে কথা চলছে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের। এখনও কিছু চূড়ান্ত না হলেও শামির দিক থেকে সবুজ সংকেত পেতে আশাবাদী গেরুয়া শিবির।
২২ গজ থেকে ভোটের ময়দান, বাংলায় টার্গেট পূরণে বিজেপির ‘যাদুর ছড়ি’ ঝুলন-শামী

লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। তৃণমূলের দীর্ঘদিনের সঙ্গী ও প্রাক্তন বিধায়ক তাপস রায় এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছেন। জল্পনা চলছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) তমলুক কেন্দ্রে প্রার্থী করতে পারে বিজেপি। এই আসনে তৃণমূলের টিকিটে লড়বেন দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য।



