জল্পনার ইতি! ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু আইএসএল—১৪ দলের হোম-অ্যাওয়ে লিগে ৯১ ম্যাচ

সব অনিশ্চয়তার অবসান। ১৪ ফেব্রুয়ারি থেকে ১৪ দল নিয়ে শুরু হচ্ছে আইএসএল। হোম-অ্যাওয়ে ফরম্যাটে হবে ৯১টি ম্যাচ, জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘ অনিশ্চয়তা, স্পনসর জট আর প্রশাসনিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে সবুজ সংকেত পেল দেশের শীর্ষ ফুটবল লিগ। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে Indian Super League (আইএসএল)। ১৪টি দলকে নিয়ে হোম-অ্যাওয়ে ফরম্যাটে মোট ৯১টি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার ক্লাব জোট, ফুটবল ফেডারেশন ও সরকারের বৈঠক শেষে প্রতিযোগিতার শুরুর দিন ঘোষণা করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী Mansukh Mandaviya

স্পনসর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক অনিশ্চয়তার কারণে গত কয়েক সপ্তাহ ধরে আইএসএল আদৌ হবে কি না, তা নিয়ে ঘোর সংশয় তৈরি হয়েছিল। সমাধানসূত্র খুঁজে পেতে ব্যর্থ হয় All India Football Federation (এআইএফএফ)। ক্লাবগুলির জোট এবং ক্রীড়া মন্ত্রকের সঙ্গে একাধিক দফা বৈঠক হলেও দীর্ঘ সময় কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এমনকি আইএসএল ক্লাবগুলির জোট (ইস্টবেঙ্গল বাদে) নিজেরাই লিগ আয়োজনের প্রস্তাব দিয়ে আয়-ব্যয়ের কিছু শর্তও সামনে রেখেছিল।

শেষ পর্যন্ত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের হস্তক্ষেপেই জট কাটে। সিদ্ধান্ত হয়, এআইএফএফ-ই আইএসএল আয়োজন করবে। বৈঠক শেষে মাণ্ডবীয় জানান, “আইএসএল নিয়ে নানা জল্পনা চলছিল। আজ সরকার, ফুটবল ফেডারেশন এবং মোহনবাগান, ইস্টবেঙ্গল-সহ ১৪টি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। সর্বসম্মত ভাবে ঠিক হয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হবে এবং সব ক্লাব অংশ নেবে।”

মন্ত্রী স্পষ্ট করেন, আগের মতোই হোম ও অ্যাওয়ে ফরম্যাটে লিগ হবে এবং মোট ৯১টি ম্যাচ আয়োজন করা হবে। তবে দলগুলির যাতায়াত, থাকা-খাওয়ার ব্যবস্থা ও লজিস্টিক সংক্রান্ত কিছু জটিলতা এখনও পুরোপুরি মেটেনি। সেগুলি দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি। ম্যাচ সূচি, প্রতিটি দলের ম্যাচ সংখ্যা কিংবা প্রতিযোগিতার বিস্তারিত কাঠামো এখনও প্রকাশ করা হয়নি। তবে ক্লাবগুলিকে সামগ্রিক রোডম্যাপ জানিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, গত শনিবারই আইএসএল নিয়ে জট কাটার ইঙ্গিত দিয়েছিল এআইএফএফ। জরুরি বৈঠকের পর ফেডারেশন জানায়, তারাই লিগ পরিচালনার দায়িত্ব নেবে। তার একদিন আগে, শুক্রবার ভারতের শীর্ষস্থানীয় ফুটবলারেরা এক যৌথ ভিডিও বার্তায় দেশের ফুটবলের সমস্যা মেটাতে ফিফার হস্তক্ষেপ চেয়েছিলেন। সেই চাপের মধ্যেই শেষ পর্যন্ত আইএসএল শুরু হওয়ার ঘোষণা এল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত