আই লিগের নাম বদলে যাচ্ছে! ২০২৫-২৬ মরশুমে নতুন পরিচয়ে ভারতীয় ফুটবলের দ্বিতীয় ডিভিশন

আই লিগের নাম বদলে ২০২৫-২৬ মরশুম থেকে ইন্ডিয়ান ফুটবল লিগ। ২১ ফেব্রুয়ারি শুরু দ্বিতীয় ডিভিশনের লিগ, ফর্ম্যাট ও দল নিয়েও এল নতুন আপডেট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) সম্ভাব্য সূচি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ভারতীয় ফুটবলে এল আরও বড় আপডেট। একাধিক রিপোর্টে প্রকাশ, পরিচিত আই লিগ নামেই আর দেখা যাবে না ভারতের দ্বিতীয় ডিভিশনের এই টুর্নামেন্ট। ২০২৫-২৬ মরশুম থেকে নতুন নামে—ইন্ডিয়ান ফুটবল লিগ—আয়োজিত হতে চলেছে প্রতিযোগিতা। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা এই লিগের, যা ভারতীয় ফুটবলের কাঠামোয় গুরুত্বপূর্ণ বদলের ইঙ্গিত বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

এই নাম বদল ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। মঙ্গলবারই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) জানায়, ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দেশের এক নম্বর লিগ ইন্ডিয়ান সুপার লিগ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স, মার্চে রয়েছে কলকাতা ডার্বিও। সেই উত্তাপের মধ্যেই আই লিগের নাম বদলের খবর নতুন করে চর্চা বাড়িয়েছে।

কেন এই নাম পরিবর্তন?

জাতীয় লিগ হিসেবে যাত্রা শুরু করে পরবর্তী সময়ে ‘আই লিগ’ নামেই জনপ্রিয়তা পেয়েছিল এই টুর্নামেন্ট। কিন্তু চলতি মরশুমে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কাঠামো নিয়ে জটিলতা তৈরি হয়। ISL ও আই লিগ—দু’টি লিগের অবস্থান নিয়েই প্রশ্ন ওঠে। সাম্প্রতিক সময়ে সেই জট কিছুটা কাটলেও, ব্র্যান্ডিং ও পরিচিতি নতুন করে সাজানোর প্রয়োজন অনুভব করে ক্লাবগুলিই।

‘স্পোর্টস্টার’-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, অংশগ্রহণকারী ক্লাবগুলির প্রস্তাবেই নাম বদলে ‘ইন্ডিয়ান ফুটবল লিগ’ করার ভাবনা এসেছে। এখন শুধু AIFF-এর চূড়ান্ত সম্মতির অপেক্ষা। তবে সমর্থকদের প্রতিক্রিয়া মিশ্র—কারও মতে নাম বদল সময়োপযোগী, আবার কারও বক্তব্য, শুধুমাত্র নাম পাল্টে ব্যর্থতা ঢেকে রাখা যাবে না, প্রয়োজন পরিকাঠামোগত সংস্কার।

কোন ফর্ম্যাটে হবে ইন্ডিয়ান ফুটবল লিগ?

ভারতের দ্বিতীয় ডিভিশনের এই লিগ আয়োজন করা হবে টু-স্টেজ ফর্ম্যাটে

  • লিগ স্টেজ

  • চ্যাম্পিয়নশিপ রাউন্ড ও রেলিগেশন রাউন্ড

এই ফর্ম্যাট নতুন নয়। ২০২০-২১ ও ২০২১-২২ মরশুমেও একই কাঠামোয় আই লিগ অনুষ্ঠিত হয়েছিল।

মোট ১১টি দল অংশ নেবে। লিগ স্টেজে প্রতিটি দল সিঙ্গল লেগে রাউন্ড রবিন পদ্ধতিতে ম্যাচ খেলবে।

  • পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল যাবে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে

  • শেষের পাঁচ দল খেলবে রেলিগেশন রাউন্ডে

রেলিগেশন রাউন্ড থেকে কতগুলি দল অবনমিত হয়ে ইন্ডিয়ান ফুটবল লিগ টু-তে নামবে, সে বিষয়ে এখনও স্পষ্ট ঘোষণা হয়নি।

কারা খেলবে ইন্ডিয়ান ফুটবল লিগে?

২০২৫-২৬ মরশুমে এই নতুন নামে আয়োজিত লিগে অংশ নেবে—

  • ডায়মন্ড হারবার এফসি

  • আইজ়ল এফসি

  • চার্চিল ব্রাদার্স

  • চানমারি এফসি

  • ডেম্পো এসসি

  • গোকুলাম কেরালা

  • নামধারী এফসি

  • রাজস্থান ইউনাইটেড

  • রিয়াল কাশ্মীর এফসি

  • শিলং লাজং এফসি

  • শ্রীনিধি ডেকান

নাম বদলের সঙ্গে সঙ্গে লিগের গ্রহণযোগ্যতা ও প্রতিযোগিতার মান কতটা বাড়ে, সেদিকেই এখন নজর ভারতীয় ফুটবলপ্রেমীদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত