ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে কিছুটা স্বস্তির ইঙ্গিত। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) আয়োজনের সবুজ সংকেত পাওয়ার পর এ বার সম্ভাব্য সূচি প্রকাশ করল AIFF। যদিও এখনও পর্যন্ত ব্রডকাস্টিং পার্টনার চূড়ান্ত হয়নি, তবু আগ্রহী সংস্থাগুলিকে বিড জমা দেওয়ার সুযোগ দিতে এক ধাপ এগিয়ে গেল ফেডারেশন।
AIFF জানিয়ে দিয়েছে, ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে ISL, যা চলবে ১৭ মে পর্যন্ত। সিঙ্গল লেগে হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে মোট ৯১টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য সূচি অনুযায়ী, উদ্বোধনী ম্যাচেই নামছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।


তবে ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় আকর্ষণ—কলকাতা ডার্বির জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ৩ মে মুখোমুখি হতে পারে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। এই হাইভোল্টেজ ম্যাচটিও যুবভারতী স্টেডিয়ামেই আয়োজনের পরিকল্পনা রয়েছে।
AIFF-এর দেওয়া সূচি অনুযায়ী, লিগের শেষ ম্যাচ ১৭ মে, যেখানে মুখোমুখি হতে পারে চেন্নাইয়িন এফসি ও বেঙ্গালুরু এফসি। জানা গিয়েছে, লিগ চলাকালীন প্রায় প্রতিদিনই দুটি করে ম্যাচ আয়োজনের ভাবনা রয়েছে।
তবে ফেডারেশন স্পষ্ট করে জানিয়েছে, এই সূচি এখনও চূড়ান্ত নয়। AIFF-এর বিবৃতিতে বলা হয়েছে,
“এই সূচিটি শুধুমাত্র ইঙ্গিতমূলক। আগ্রহী বিডাররা তথ্যগত প্রয়োজনে এটি ব্যবহার করতে পারেন। ক্লাবগুলির সুবিধা ও অন্যান্য স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে সূচিতে পরিবর্তন হতে পারে। চূড়ান্ত সূচি প্রকাশিত হলে সেটিই চুক্তির অংশ হিসেবে গণ্য হবে।”


সব মিলিয়ে, ব্রডকাস্টিং পার্টনার ও চূড়ান্ত সূচি এখনও ঝুলে থাকলেও, ISL শুরুর দিকনির্দেশ স্পষ্ট হওয়ায় আশাবাদী ভারতীয় ফুটবল মহল। এখন নজর—কবে প্রকাশিত হয় চূড়ান্ত সূচি এবং টিভি পর্দায় ফিরবে দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ।







