ছবি হোক বা সিরিজ়— বাংলায় গোয়েন্দাদের রমরমা। তার মধ্যেও মহিলা গোয়েন্দার সংখ্যা হাতেগোনা। বড় পর্দায় ‘মিতিন মাসি’, সিরিজ ‘দময়ন্তী সেন’। সেই তালিকায় নতুন সংযোজন, ‘বিবি বক্সী’। নতুন বছরে এই ‘গোয়েন্দা’ ইশাকে নিয়ে আসবেন জয়দীপ মুখোপাধ্যায়।
নতুন ওয়েব প্ল্যাটফর্ম ফ্রাইডে-র জন্য কলম ধরেছেন পরিচালক পারমিতা মুন্সী। শোনা গিয়েছে, বিবি বক্সীর পুরো নাম বিনোদবালা বক্সী। এক প্রত্যন্ত গ্রামের পুলিশ কনস্টেবল হিসেবে দেখা যাবে তাকে। সাধারণত গ্রামের মেয়েদের তাড়াতাড়িই বিয়ে হয়ে যায়। এক্ষেত্রেও তাই-ই হবে।
সিরিজের শুরুতেই বিনোদবালার বিয়ে দেখানো হবে। একদিকে বিনোদ যেমন একজন নরম ও সংবেদনশীল মানুষ, অন্যদিকে সে একজন কড়া পুলিশ। সেই সঙ্গে জিজ্ঞাসু মন যা রহস্যের শেষ দেখে ছাড়ে।
গল্পে গ্রামীণ রাজনীতি, লিঙ্গ বৈষম্যের মতো বিষয়বস্তুও থাকবে বলে শোনা গেছে। আশা করা হচ্ছে, চলতি মাসের শেষেই চিত্রনাট্যের কাজ প্রায় হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর থেকেই শুটিং শুরু হবে। বেশিরভাগ শুটিং গ্রাম এলাকায় হতে পারে।



