নজরবন্দি ব্যুরোঃ কয়লা-কাণ্ডে প্রথম গ্রেপ্তারি। সিআইডি’র জালে রণধীর সিং নামের এক ব্যবসায়ী। সূত্রের খবর, কয়লা পাচারচক্রের প্রধান অনুপ মাজি ওরফে লালার ঘনিষ্ঠ ওই ব্যবসায়ীকে অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে সিআইডির ডিআইজি অজয় ঠাকুরের নেতৃত্বে একটি দল দুর্গাপুর আসানসোলের যে সমস্ত জায়গায় অবৈধভাবে কয়লা তোলা হচ্ছিল বলে অভিযোগ সেসব জায়গায় তদন্ত চালায়।
আরও পড়ুনঃ ইলিশ পাঠানো বন্ধ করছে বাংলাদেশ, মন খারাপের খবর এপার বাংলার জন্যে।


বেশ কয়েকমাস ধরেই কয়লা কাণ্ডের (Coal Scam) তদন্তে নড়েচড়ে বসেছে সিবিআই। কলকাতা, বাঁকুড়া, আসানসোল-সহ বহু জায়গায় তল্লাশি চালান তদন্তকারীরা। কিছুদিন আগে কয়লা পাচারচক্রের মাথা অনুপ মাঝি ওরফে লালার শ্বশুরবাড়িতে হানা দেন সিবিআই গোয়েন্দারা। সেখান থেকেই মেলে একাধিক সূত্র।

সেই তথ্যের ভিত্তিতে ধৃত জয়দেব মণ্ডলের আসানসোলে বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা। পুরুলিয়ার সাঁতুড়ি বলিতোড়ায় লালা ঘনিষ্ট ব্যবসায়ী গুরুপদ মাজির বাড়ি ও অফিস সমেত চার জায়গায় হানা দিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।কয়লা-কাণ্ডে সিবিআই-এর পাশাপাশি তদন্ত করছে সিআইডি (CID) ও ইডি (ED)-ও।


এখন পর্যন্ত অনুপ মাঝির কোনও হদিশ পাওয়া যায়নি। তাঁকে বেশ কয়েকবার তলব করেছে সিবিআই, কিন্তু তলব এড়িয়ে আত্মগোপন করেই রয়েছেন লালা। ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত সন্দেহে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জেরা করেছে সিবিআই।
কয়লা-কাণ্ডে প্রথম গ্রেপ্তারি, CID-র জালে লালা ঘনিষ্ঠ রণধীর সিংহ
বিনয় মিশ্রকেও তলব করা হয়েছিল, কিন্তু তিনিও হাজির এড়িয়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে কয়লা-কাণ্ডের শিকড় কতটা গভীরে পৌঁছেছে, তা খতিয়ে দেখতে আরও তদন্তের জাল বিস্তার করছে একাধিক সংস্থা।







