তেল আভিভে সাইরেন, তেহরানে বিস্ফোরণ — খামেনেই মৃত্যুর পর পাল্টা হামলায় কাঁপছে মার্কিন ঘাঁটি

খামেনেইয়ের মৃত্যুর পর ইজরায়েল-আমেরিকার হামলা ও ইরানের পাল্টা মিসাইল আঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। তেল আভিভে সাইরেন, তেহরান ও দোহায় বিস্ফোরণে বাড়ছে যুদ্ধের আশঙ্কা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর একদিকে ইজরায়েল ও আমেরিকার ধারাবাহিক হামলা, অন্যদিকে ইরানের পাল্টা মিসাইল আঘাতে কাঁপছে গোটা অঞ্চল। তেল আভিভে সাইরেন বাজছে, দোহা ও তেহরানে শোনা যাচ্ছে প্রবল বিস্ফোরণের শব্দ। একাধিক মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলার দাবি পরিস্থিতিকে আরও অগ্নিগর্ভ করে তুলেছে।

রবিবার ইরানের রাজধানী তেহরানে ফের হামলা চালানোর দাবি করেছে ইজরায়েল। নেতানিয়াহুর বাহিনীর ঘোষণার পরই তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে ইরান। একই সময়ে ইজরায়েলের তেল আভিভে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে এবং সাধারণ মানুষকে বাঙ্কারে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইরানের দাবি, খামেনেইয়ের মৃত্যুর পর আমেরিকার ২৭টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু হয়েছে। কাতারের রাজধানী দোহাতেও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একাধিক বিস্ফোরণের খবর মিলেছে। জর্ডনের সেনাবাহিনী তাদের আকাশসীমায় ঢুকে পড়া একটি ক্ষেপণাস্ত্র আটক করেছে বলে জানিয়েছে।

তেল আভিভে সাইরেন, তেহরানে বিস্ফোরণ — খামেনেই মৃত্যুর পর পাল্টা হামলায় কাঁপছে মার্কিন ঘাঁটি
করাচিতে মার্কিন উপদূতাবাসে বিক্ষোভ, অশান্তি, আগুন।

ইজরায়েলি বায়ুসেনা দাবি করেছে, আমেরিকার সঙ্গে যৌথ অভিযানে একদিনে ইরানে ১২০০-র বেশি বোমা ফেলা হয়েছে। দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশে হামলায় অন্তত ১৪৮ জন নিহত হয়েছেন বলে ইরান জানিয়েছে। মিনাব এলাকার একটি মেয়েদের স্কুলেও বোমা পড়ার অভিযোগ উঠেছে।

এই হামলার তীব্র নিন্দা করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই হামলার “উপযুক্ত প্রতিশোধ” নেওয়া হবে।

ইরানের সেনাপ্রধান আব্দুল রহিম মৌসাভি ও প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ-সহ একাধিক শীর্ষ সামরিক ও প্রশাসনিক কর্তা মার্কিন-ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরানের সরকারি সংবাদসংস্থা।

খামেনেইয়ের মৃত্যুর পর ইরানে টানা ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে নিয়ে তিন সদস্যের একটি অন্তর্বর্তী পরিষদ দেশ পরিচালনা করবে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজমাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি পাল্টা আক্রমণ চালায়, তবে আমেরিকা এমন আঘাত হানবে “যা আগে কেউ দেখেনি।” যদিও একই সঙ্গে তিনি দাবি করেছেন, খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা আরও সহজ হতে পারে।

চিন এই যৌথ হামলার কড়া নিন্দা করেছে এবং ইরান ও ইজরায়েলে থাকা নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।

ইরানের পক্ষে সমর্থনে পাকিস্তানের করাচিতে মার্কিন উপদূতাবাসের সামনে বিক্ষোভে অন্তত আটজন নিহত হয়েছেন। গুলিতে তাদের মৃত্যু হয়েছে বলে খবর, যদিও কে গুলি চালিয়েছে তা স্পষ্ট নয়।

ভারতের জম্মু ও কাশ্মীরেও খামেনেইয়ের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। শ্রীনগর-সহ বিভিন্ন এলাকায় মার্কিন ও ইজরায়েলি হামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরশাহি ইরানকে কূটনৈতিক বার্তা দিয়ে জানিয়েছে, এই যুদ্ধ প্রতিবেশীদের সঙ্গে নয়। সে দেশের কূটনৈতিক উপদেষ্টা আনওয়ার গারগাশ বলেছেন, ইরানের আক্রমণ তাদের অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে।

ক্রমশ স্পষ্ট হচ্ছে, খামেনেইয়ের মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের সংঘাত এখন পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত