ভারতের অতিথি হয়ে গিয়েছিল IRIS DENA, এই নৃশংসতার ফল ভুগতে হবে! আমেরিকাকে কড়া বার্তা ইরানের

ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ IRIS Dena ডুবিয়ে দেওয়ার অভিযোগ আমেরিকার বিরুদ্ধে। আন্তর্জাতিক জলপথে হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাল তেহরান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতের অতিথি হয়ে গিয়েছিল, ফল ভুগতে হবে—ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ IRIS Dena-তে হামলার ঘটনায় আমেরিকার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানাল তেহরান। ইরানের অভিযোগ, কোনও সতর্কতা ছাড়াই আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনী সাবমেরিন থেকে হামলা চালিয়ে যুদ্ধজাহাজটিকে ডুবিয়ে দিয়েছে। ঘটনায় বহু নৌসেনার প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। এই ঘটনার পর আমেরিকার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান।

বুধবার ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ IRIS Dena-কে লক্ষ্য করে মার্কিন বাহিনী আকস্মিক হামলা চালায়। সাবমেরিন থেকে ছোড়া জোড়া টর্পেডোর আঘাতে জাহাজটি ডুবে যায়।

সেই সময় জাহাজে প্রায় ১৩০ জন নৌসেনা ও কর্মী ছিলেন। এই ঘটনায় অন্তত ৮৭ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধার অভিযান চালিয়ে ৩২ জনকে জীবিত উদ্ধার করেছে। এখনও বেশ কয়েকজন নিখোঁজ বলে জানা গিয়েছে।

ভারতের অতিথি হয়ে গিয়েছিল IRIS DENA, এই নৃশংসতার ফল ভুগতে হবে! আমেরিকাকে কড়া বার্তা ইরানের
ভারতের অতিথি হয়ে গিয়েছিল IRIS DENA, এই নৃশংসতার ফল ভুগতে হবে! আমেরিকাকে কড়া বার্তা ইরানের

এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় কড়া প্রতিক্রিয়া জানান ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। তিনি লেখেন, ইরানের উপকূল থেকে প্রায় ২০০০ মাইল দূরে আন্তর্জাতিক জলপথে আমেরিকা ‘নৃশংস’ হামলা চালিয়েছে।

আরাঘচি জানিয়েছেন, যুদ্ধজাহাজ Dena ভারতীয় নৌবাহিনীর অতিথি হিসেবে ভারতে এসেছিল এবং মহড়ায় অংশ নিয়েছিল। তিনি বলেন, কোনও সতর্কতা ছাড়াই এমন হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

ইরানের বিদেশমন্ত্রীর হুঁশিয়ারি, আমেরিকা যে নজির তৈরি করছে তার ফল একদিন তাদেরই ভুগতে হবে।

উল্লেখ্য, IRIS Dena গত ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌ-মহড়া MILAN International Fleet Review-এ অংশ নিয়েছিল। এই মহড়ায় বিভিন্ন দেশের নৌবাহিনী অংশ নেয় এবং ভারতীয় নৌবাহিনী তাদের স্বাগত জানিয়েছিল।

মহড়া শেষ করে জাহাজটি বিশাখাপত্তনম থেকে রওনা দেয়। এরপর শ্রীলঙ্কার দক্ষিণে ভারত মহাসাগরের জলসীমায় তাদের উপর হামলার ঘটনা ঘটে।

বিপদবার্তা পাওয়ার পর শ্রীলঙ্কার নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার হওয়া নাবিকদের গলের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে ভারত সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত