ইরানে গণপ্রতিবাদ ঠেকাতে ইন্টারনেট বন্ধ, তেহরানকে ‘অতি কঠোর’ জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানে গণপ্রতিবাদের ডাকের পর দেশজুড়ে ইন্টারনেট ও ফোন পরিষেবা বন্ধ। খামেনেই প্রশাসনকে কড়া জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের, চাপ বাড়ছে তেহরানের উপর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গণপ্রতিবাদের ডাক, তার পরেই দেশজুড়ে যোগাযোগ বিচ্ছিন্ন—ইরানে ফের বিস্ফোরক পরিস্থিতি। নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি জনগণকে রাস্তায় নামার আহ্বান জানাতেই প্রশাসন ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেয়। এই ‘ডিজিটাল ব্ল্যাকআউট’-এর মধ্যেই ইরানের ধর্মীয় শাসনতন্ত্রকে অতি কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত দেড় সপ্তাহ ধরে ইরান-জুড়ে টালমাটাল পরিস্থিতি। গত ২৭ ডিসেম্বর রাজধানী তেহরান-এ দোকানদারদের বিক্ষোভ থেকেই আন্দোলনের সূচনা। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। অর্থনৈতিক ক্ষোভ ধীরে ধীরে রূপ নেয় রাজনৈতিক বিদ্রোহে—লক্ষ্যবস্তু হয়ে ওঠে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই।

- Advertisement -

১২ দিন পেরিয়েও বিক্ষোভ থামেনি। বরং বৃহস্পতিবার নতুন করে প্রতিবাদের ডাক পড়তেই প্রশাসন কড়া পদক্ষেপ নেয়। ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় তাবরিজ় বিমানবন্দর-এর বিমান চলাচলও। পরিস্থিতি সামাল দিতে কার্যত দেশকে তথ্যের দিক থেকে বিচ্ছিন্ন করে দেয় তেহরান।

সমাজমাধ্যমে পোস্ট করে রেজা পাহলভি খামেনেই প্রশাসনের কড়া সমালোচনা করেন। তিনি লেখেন, “লাখ লাখ ইরানবাসী স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমেছেন। তার জবাবে সরকার যোগাযোগের সমস্ত মাধ্যম বন্ধ করে দিয়েছে।” একই পোস্টে তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানান প্রতিবাদী জনতার পাশে দাঁড়ানোর জন্য এবং ইউরোপের দেশগুলির নীরবতা ভাঙার আহ্বান জানান।

সরকারি দমননীতির জেরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। সেনা ও পুলিশের অভিযানে এখনও পর্যন্ত অন্তত ৩৬ জন প্রতিবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। এই প্রেক্ষিতে ট্রাম্প আগেই সতর্কবার্তা দিয়েছিলেন। বৃহস্পতিবার তিনি আরও কড়া ভাষায় বলেন, “যদি তারা মানুষ মারতে শুরু করে, তাহলে আমরা তাদের উপর খুব কঠিন আঘাত হানব।”

ট্রাম্পের ধারাবাহিক হুঁশিয়ারির পর তেহরান কিছুটা সুর নরম করার ইঙ্গিত দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন—বিক্ষোভকারীদের দেখামাত্রই যেন তাঁদের উপর কঠোর ব্যবস্থা না নেওয়া হয়। তবে বাস্তবে সেই নির্দেশ কতটা কার্যকর হবে, তা নিয়েই এখন আন্তর্জাতিক মহলের কৌতূহল।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর