প্রতিশ্রুতির ২৪ ঘণ্টার মধ্যেই ‘ইউ-টার্ন’? দুবাইয়ের মেরিনা টাওয়ারে ড্রোন হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে

প্রতিবেশী দেশগুলির উপর আর হামলা চালাবে না—এই ঘোষণা করার মাত্র একদিনের মধ্যেই দুবাইয়ের মেরিনা টাওয়ার লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে, যদিও ড্রোনটি আকাশেই ধ্বংস করা হয়েছে বলে দাবি প্রশাসনের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করল একটি ড্রোন হামলার অভিযোগ। প্রতিবেশী দেশগুলির উপর আর আক্রমণ করবে না—এই ঘোষণা করার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দুবাইয়ের বহুল পরিচিত মেরিনা টাওয়ার লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ উঠল ইরানের বিরুদ্ধে। যদিও দুবাই প্রশাসনের দাবি, ড্রোনটি আকাশেই ধ্বংস করে দেওয়া হয়। তবে ধ্বংসাবশেষ টাওয়ারের উপর পড়ে আগুন লাগে বলে জানা গেছে। ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

দুবাইয়ের স্থানীয় প্রশাসনের দাবি, শনিবার রাতে একটি ড্রোন মেরিনা টাওয়ারের দিকে এগিয়ে আসে। সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং ড্রোনটি আকাশেই ধ্বংস করে দেওয়া হয়। তবে ধ্বংস হওয়া ড্রোনের অংশবিশেষ টাওয়ারের উপর পড়ে যায়। তার জেরেই ভবনের একটি অংশে আগুন ধরে যায় বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

ইতিমধ্যেই ঘটনাটির একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওটির সত্যতা এখনও যাচাই করা হয়নি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মেরিনা টাওয়ারের একটি অংশ থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আকাশে কালো ধোঁয়া উঠছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে দাবি দুবাই প্রশাসনের।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছিলেন যে, প্রতিবেশী দেশগুলির উপর আর হামলা চালাবে না ইরান। তিনি জানিয়েছিলেন, দেশের অস্থায়ী নেতৃত্ব পরিষদ এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে।

পেজেশকিয়ান বলেছিলেন, “যদি ইরান সরাসরি আক্রান্ত না হয়, তাহলে প্রতিবেশী রাষ্ট্রগুলির উপর আর হামলা চালাবে না তেহরান।” একইসঙ্গে সাম্প্রতিক হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমাও চান তিনি। তাঁর কথায়, “অন্য দেশগুলিকে আক্রমণ করার আমাদের কোনও ইচ্ছা নেই।”

কিন্তু সেই ঘোষণার ২৪ ঘণ্টা কাটার আগেই দুবাইয়ে ড্রোন হামলার অভিযোগ সামনে আসায় আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে—তাহলে কি ইরানের অবস্থান বদলে গেল?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন